শমীক ভট্টাচার্য কেন শুভেন্দু অধিকারীর প্রশংসায় পঞ্চমুখ? রাজ্য কমিটি নিয়ে প্রশ্ন উঠতেই বিস্ফোরক মন্তব্য!

সামনেই ২০২৬ সালের বিধানসভা নির্বাচন। তার আগে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে প্রতিনিয়ত তৃণমূলের বিরুদ্ধে ময়দানে নামতে দেখা যাচ্ছে। তবে প্রশ্ন উঠেছে, শুভেন্দু একাই লড়াই করছেন, কিন্তু দলের সংগঠন কি মজবুত আছে? কেন শমীক ভট্টাচার্য নতুন রাজ্য সভাপতি হওয়ার পরও এখনো পর্যন্ত বিজেপির রাজ্য কমিটি গঠিত হয়নি?
সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য সমালোচকদের মুখে ঝামা ঘষে দেন। তিনি বলেন, “আরে আমাদের পার্টি তো ব্যান্ড পার্টি নয়। পলিটিক্যাল পার্টি। রাজনৈতিক দল, হরিনাম সংকীর্তনের দল নয়। পার্টি রাস্তায় আছে। পার্টি পার্টির মতো কাজ করছে।”
শুভেন্দুর লড়াইকে মান্যতা দিলেন শমীক
শমীক ভট্টাচার্য সরাসরি শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, “বিরোধী দলনেতাকে দেখছেন। প্রতিদিন তার দৃশ্যমানতা। প্রত্যেকদিন লড়াইয়ের ময়দানে আছেন।”
শুভেন্দুর লড়াইকে সাধুবাদ জানানোর মধ্য দিয়ে শমীক ভট্টাচার্য এটাই বোঝাতে চেয়েছেন যে, কমিটি গঠন না হলেও দলের কার্যক্রম থেমে নেই। শুভেন্দু অধিকারীর মতো নেতার অক্লান্ত লড়াইয়ের মাধ্যমে দল রাস্তায় সক্রিয় রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, শমীক ভট্টাচার্যের এই মন্তব্যে এটাই স্পষ্ট যে, এবার বঙ্গ বিজেপি ঐক্যবদ্ধ হয়েই ২০২৬ সালের নির্বাচনে তৃণমূলকে ক্ষমতাচ্যুত করতে আত্মবিশ্বাসী। এই বার্তা গেরুয়া শিবিরের নেতা-কর্মীদের মধ্যে নতুন করে উদ্দীপনা তৈরি করেছে।