শত শত ভরি সোনায় মোড়া নৈহাটির বড়মা! পুজো, অঞ্জলি ও প্রসাদ পাওয়ার সময়সূচি জেনে নিন এক ক্লিকেই

শত শত ভরি সোনা ও রুপোর অলঙ্কারে সজ্জিতা ঘন কৃষ্ণবর্ণ কালী প্রতিমা—নৈহাটির বড়কালী মা। বিশ্বাস, লোককথা আর কিংবদন্তী যেন একাকার হয়ে গিয়েছে মায়ের এই পুজোকে ঘিরে। ভক্তদের দৃঢ় বিশ্বাস, মা তাঁর সন্তানদের কোনো মনস্কামনা অপূর্ণ রাখেন না। সারা বছর তো বটেই, বিশেষ করে কালীপুজোর দিনে নৈহাটির বড়মার দরবারে উপস্থিত হন লক্ষ লক্ষ ভক্ত। ২০২৬ সালের বড়কালীর পুজো উপলক্ষে পুজো নিবেদন, অঞ্জলি ও ভোগ বিতরণের বিস্তারিত সময়সূচি প্রকাশ করেছে বড় মা মন্দির কর্তৃপক্ষ।
আগামী ৮ নভেম্বর, রবিবার ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দে অনুষ্ঠিত হতে চলেছে ২০২৬ সালের নৈহাটির বড়কালীর ঐতিহ্যবাহী পুজো। ওই দিন দুপুর ১০টা ৪৮ মিনিটে অমাবস্যা তিথি শুরু হবে। পুজো শুরু হবে রাত ১২টা থেকে এবং রাত ১টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে পুষ্পাঞ্জলি। অঞ্জলি দিতে আসা ভক্তদের নিজেদের সঙ্গে ফুল ও বেলপাতা নিয়ে আসার অনুরোধ জানানো হয়েছে। অঞ্জলি শেষ হতেই শুরু হবে ভোগ প্রসাদ বিতরণ।
ভোগ বিতরণের জন্য শ্যাম রোডের ১ নম্বর সুষমা অ্যাপার্টমেন্ট, জগবন্ধু মোড় সংলগ্ন পুকুরপাড়, নৈহাটি পুরসভা এবং নৈহাটি রেলওয়ে অডিটোরিয়াম হলে বিশেষ ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়াও সন্দেশ কুপনের প্রসাদ মিলবে নৈহাটি নরেন্দ্র বয়েজ স্কুল, মহেন্দ্র উচ্চ বিদ্যালয় ও পুরসভায়। আগামী ৯ নভেম্বর সকাল ১১টা ২৭ মিনিটে অমাবস্যা শেষ হবে। অনলাইন পুজোর জন্য ৭ নভেম্বর রাত ১০টার মধ্যে ৮২৪০৮২০০০৩ নম্বরে নাম ও গোত্র হোয়াটসঅ্যাপ করার বা ‘Joy Boro Maa Apps’ ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে। বার্ষিক পুজো উপলক্ষে ৬ নভেম্বর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত মন্দির সর্বসাধারণের জন্য বন্ধ থাকবে।