“রাস্তা তো গাড়ি চালানোর জন্যই!” কোচির ট্র্যাজিক দুর্ঘটনায় বিএমডাব্লিউ-র রিপোর্টে ফাঁস গা শিউরে ওঠা তথ্য

কোচির নেডুমবাসেরির কাছে গত ১১ অক্টোবর ভোরের মর্মান্তিক মিনি কুপার গাড়ি দুর্ঘটনায় অভিযুক্ত তিনজনের জামিন মঞ্জুর করেছে কেরল হাইকোর্ট। তবে দুর্ঘটনার প্রধান অভিযুক্ত ১৯ বছর বয়সী তরুণ সুহেল সজীবের মুক্তি আরও ১০ দিনের জন্য স্থগিত রাখার নির্দেশ দিয়েছে আদালত। মামলাটি নিয়ে দেশজুড়ে প্রবল জনক্ষোভ তৈরি হলেও বিচারক স্পষ্ট জানিয়েছেন, জন আবেগ নয়, বিচার প্রক্রিয়া সম্পন্ন হবে শুধুমাত্র আইনের স্পষ্ট বিধিমালার ওপর ভিত্তি করে।
ঘটনার দিন দ্রুতগতির বিলাসবহুল মিনি কুপার গাড়িটি এক স্কুটারে সজোরে ধাক্কা মারলে ২১ বছর বয়সী দুই যুবতীসহ মোট তিনজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। দুর্ঘটনার পর অভিযুক্ত সুহেলের অসংবেদনশীল মন্তব্য ও আচরণে তুমুল বিতর্ক সৃষ্টি হয়েছিল। পুলিশ সূত্রের খবর, দুর্ঘটনার পরপরই সুহেল ঔদ্ধত্য প্রকাশ করে বলেছিলেন, “রাস্তা কিসের জন্য তৈরি? গাড়ি চালানোর জন্যই তো?” এমনকি তাঁর বাবা সমস্ত পরিস্থিতি সামলে নেবেন বলেও তিনি বড়াই করেছিলেন।
এদিকে মামলার তদন্তে সিসিটিভি ফুটেজের পাশাপাশি বিএমডাব্লিউ (BMW) সংস্থার পেশ করা ‘অ্যাডভান্সড ক্র্যাশ সেফটি মডিউল’ (ACSM) ডেটা বড় প্রমাণ হিসেবে সামনে এসেছে। রিপোর্টে জানা গেছে, সংঘর্ষের ঠিক ৫ সেকেন্ড আগে গাড়িটির গতি ছিল ঘণ্টায় ১৬২ কিলোমিটার এবং আঘাত করার ১ সেকেন্ড আগে ব্রেক কষার পরও গতি ছিল ১৪৪ কিলোমিটার। পুলিশ জানায়, মাত্র ১১ সেকেন্ডে ৫০০ মিটার দূরত্ব অতিক্রম করেছিল গাড়িটি। আদালতে সরকারপক্ষ জানায়, আগামী দুই সপ্তাহের মধ্যে চার্জশিট পেশ করা সম্ভব হবে। সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখে আদালত অন্য অভিযুক্তদের অবিলম্বে মুক্তি দিলেও, মূল অভিযুক্ত সুহেলের জামিন আপাতত ১০ দিন স্থগিত রেখেছে।