“বাংলাদেশে যা ঘটেছে, ভারতেও তাই চান রাহুল!” বিস্ফোরক অভিযোগে তোলপাড় ফেলে দিলেন বিজেপি মুখপাত্র

লোকসভা বিরোধী দলনেতা রাহুল গান্ধীর রাজনৈতিক উদ্দেশ্য ও তাঁর সাম্প্রতিক কর্মসূচি নিয়ে তীব্র আক্রমণ শানাল শাসক দল। বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে বিজেপির জাতীয় মুখপাত্র প্রদীপ ভাণ্ডারী বিস্ফোরক অভিযোগ করে বলেন যে, রাহুল গান্ধী এবং তাঁর আন্দোলন সঙ্গী নেহা বোড়া দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। তাঁদের মূল লক্ষ্য কোনো সাধারণ রাজনৈতিক প্রতিবাদ নয়, বরং দেশে হিংসা ও চরম অরাজকতা ছড়িয়ে ভারতের গণতান্ত্রিক কাঠামোকে ধ্বংস করা।
বিজেপি মুখপাত্রের দাবি, রাহুল গান্ধী নিজেই স্বীকার করেছেন যে তাঁর লড়াই কোনো রাজনৈতিক দল বা মতাদর্শের বিরুদ্ধে নয়, বরং খোদ ‘ইন্ডিয়ান স্টেট’ বা ভারতীয় সংবিধান ও গণতন্ত্রের বিরুদ্ধে। এই প্রসঙ্গে তিনি আরও উল্লেখ করেন যে, সম্প্রতি রাহুলের ওই মিছিলে প্রধান মুখ হিসেবে সামনে আসা নেহা বোড়া একটি সাক্ষাৎকারে প্রকাশ্যে জানিয়েছিলেন যে তিনি বাংলাদেশের আন্দোলনের দ্বারা অনুপ্রাণিত এবং চান ভারতেও যেন একই পরিস্থিতি তৈরি হয়। এই ঘটনাকে হাতিয়ার করে প্রদীপ ভাণ্ডারীর কটাক্ষ, দেশের সাধারণ মানুষ বা যুব সমাজের কল্যাণে কাজ না করে রাহুল গান্ধী ও তাঁর সঙ্গীরা বিদেশ থেকে প্ররোচনা নিয়ে দেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চাইছেন।
বিজেপির অভিযোগ, এর আগেও বর্ষীয়ান আইনজীবী প্রশান্ত ভূষণ রাহুল গান্ধীর সঙ্গে সাংবাদিক বৈঠক করে দেশে হিংসাত্মক বিপ্লবের বার্তা দিয়েছিলেন। ঠিক তার ২৪ ঘণ্টার মধ্যে ফের রাহুলের সঙ্গে তাঁর যৌথ উপস্থিতি থেকে একটি পরিষ্কার ক্ষতিকর ‘প্যাটার্ন’ বা ছক স্পষ্ট হয়ে উঠছে। গণতান্ত্রিক পদ্ধতিতে জনসমর্থন না পেয়ে এবার চক্রান্তের মাধ্যমে ভারতকে অস্থিতিশীল করার এই অপচেষ্টা দেশের মানুষ কখনোই মেনে নেবে না বলে সাফ জানিয়ে দিয়েছে গেরুয়া শিবির।