লুট করে পালালেও শেষ রক্ষা হলো না! ছিনতাইয়ের ১২০ ঘণ্টার মধ্যেই ধরা পড়ল দুই দুষ্কৃতী

দিন-দুপুরে ছিনতাইয়ের ১২০ ঘণ্টার মধ্যেই দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করে বড় সাফল্য পেল বারুইপুর থানার পুলিশ। গত ৪ সেপ্টেম্বর বারুইপুর ক্যানিং রোডে এক ধান ব্যবসায়ীর কাছ থেকে সাড়ে ১২ লক্ষ টাকা ছিনতাই হয়েছিল। পুলিশ তাদের কাছ থেকে ৯ লক্ষ ৪২ হাজার টাকা উদ্ধার করেছে।

গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তির নাম শুকুর আলি লস্কর এবং মুস্তাফা সরদার। তাদের বাড়ি বারুইপুরের বেলেগাছি ও হাড়দহ এলাকায়। বারুইপুরের এসডিপিও অভিষেক রঞ্জন জানান, এই দুজনের বিরুদ্ধে এর আগে কোনো অপরাধের রেকর্ড নেই।

মঙ্গলবার সন্ধ্যায় বারুইপুর থানায় আয়োজিত এক সাংবাদিক বৈঠকে এসডিপিও অভিষেক রঞ্জন জানান, গত বৃহস্পতিবার বিকেলে ভাঙরের কাশিপুর থানার অন্তর্গত ভুমরু গ্রামের ধান ব্যবসায়ী শাহাবুদ্দিন মোল্লা বারুইপুর ক্যানিং রোডে একটি হোটেলে খাবে বলে দাঁড়িয়েছিলেন। সেই সময় শুকুর ও মুস্তাফা তার কাছে গিয়ে হুমকি দেয় যে তার ব্যাগে বন্দুক আছে। এরপর তারা ব্যবসায়ী শাহাবুদ্দিনকে মারধর করে এবং তার ব্যাগটি ছিনিয়ে নেয়।

এ সময় চিৎকার শুনে আরও চারজন দুষ্কৃতী ঘটনাস্থলে আসে এবং ব্যাগটি নিয়ে পালিয়ে যায়। ব্যাগে সাড়ে ১২ লক্ষ টাকা ছিল, যা তিনি কৃষকদের কাছ থেকে ধান কেনার জন্য এনেছিলেন। ব্যবসায়ী শাহাবুদ্দিন মোল্লা সঙ্গে সঙ্গেই বারুইপুর থানায় অভিযোগ দায়ের করেন।

এসডিপিও জানিয়েছেন, বাকি টাকা উদ্ধার এবং পলাতক দুষ্কৃতীদের গ্রেপ্তারের জন্য পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।