লালবাজার সংলগ্ন ঘিঞ্জি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড! স্পেয়ার পার্টসের গোডাউনে আগুন, ঘটনাস্থলে দমকলের ৫ ইঞ্জিন

ব্যস্ত কাজের দিনে শহরের অন্যতম ঘিঞ্জি এলাকায় ফের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। বৃহস্পতিবার সকাল ১০:৪০ নাগাদ লালবাজার এলাকার একটি স্পেয়ার পার্টসের গোডাউনে আচমকা আগুন লেগে যায়। খবর পাওয়ামাত্রই দমকলের পাঁচটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় এবং আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে।
শেষ খবর পাওয়া পর্যন্ত, আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। সূত্রের খবর, গোডাউনের ভিতরে প্রচুর দাহ্য পদার্থ মজুদ ছিল। মনে করা হচ্ছে, এর মধ্যে রাসায়নিক পদার্থও থাকতে পারে। এর ফলে গোটা এলাকা ঘন কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে, যা অত্যন্ত ক্ষতিকারক হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
দমকল বাহিনী জোরকদমে আগুন নেভানোর কাজ চালাচ্ছে। দাহ্য পদার্থের ধোঁয়া দ্রুত বের করার জন্য ফগ এক্সটেনশন মেশিন ব্যবহার করা হচ্ছে।
এই মুহূর্তে দমকলের ৫টি ইঞ্জিন ঘটনাস্থলে কাজ করে চলেছে। এখন পর্যন্ত এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে নিশ্চিত কিছু জানা যায়নি। উদ্ধারকাজ এবং আগুন পুরোপুরি নিভিয়ে ফেলার চেষ্টা চলছে।