লালকেল্লার কাছে ভয়ঙ্কর বিস্ফোরণ! মুহূর্তে ছারখার জনবহুল এলাকা, নিহতের সংখ্যা কত?

দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে আজ সন্ধ্যায় এক ভয়ঙ্কর বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের তীব্রতায় গোটা এলাকায় চরম আতঙ্ক সৃষ্টি হয়েছে। প্রাথমিক খবর অনুযায়ী, এখনও পর্যন্ত এই ঘটনায় ৮ জনের মৃত্যু হয়েছে এবং বহু আহত হয়েছেন। প্রায় ১৫০ মিটার পর্যন্ত এই বিস্ফোরণের অভিঘাত অনুভূত হয়।
বিস্ফোরণের জেরে ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা ৮টি গাড়িতে আগুন ধরে যায়, যার মধ্যে ৩টি গাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আশপাশের বহু দোকানের কাঁচের দরজা ও জানলা ভেঙে চুরমার হয়ে গিয়েছে। সন্ধ্যা ৬টা ৫৫ মিনিট নাগাদ দমকল বিভাগে খবর দেওয়া হয় এবং সঙ্গে সঙ্গেই একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়।
দিল্লি পুলিশের প্রবক্তা জানিয়েছেন, “কী ধরনের বিস্ফোরণ ঘটেছে, তা এখনও নিশ্চিতভাবে জানা যাচ্ছে না। সেই কারণে তদন্তে কিছুটা সময় লাগবে।” বিস্ফোরণের কারণ এবং প্রকৃতি জানতে পুলিশ ও ফরেন্সিক বিশেষজ্ঞরা ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন। এনএসজি (NSG) এবং এনআইএ (NIA)-এর দলও পরিস্থিতি খতিয়ে দেখছে।
আহতদের দ্রুত এলএনজেপি (LNJP) হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে এখনও একাধিক অ্যাম্বুলেন্স রয়েছে। এক প্রত্যক্ষদর্শী জানান, “দোকান থেকে বিরাট বিস্ফোরণের শব্দ পেলাম। এমন আওয়াজ জীবনে শুনিনি।” জনবহুল এই এলাকায় এমন ঘটনা ঘটায় দিল্লিতে ব্যাপক সতর্কতা জারি করা হয়েছে। পুলিশ গোটা এলাকা ঘিরে রেখেছে এবং একটি না একাধিক বিস্ফোরণ ঘটেছে, তা জানার চেষ্টা চালাচ্ছে। বিস্তারিত তথ্য পুলিশ ও দমকলের তদন্তের পরেই জানা যাবে।