“রোহিত-বিরাটকে সম্মান দিচ্ছে না…!”-দল নিয়ে নির্বাচকদের ‘তুলোধোনা’ অশ্বিনের

আসন্ন একদিনের বিশ্বকাপে ভারতীয় দলের দুই মহাতারকা রোহিত শর্মা ও বিরাট কোহলির খেলা নিয়ে যখন ক্রিকেটমহলে বিরাট জল্পনা, ঠিক তখনই টিম ম্যানেজমেন্ট এবং নির্বাচকদের তীব্র সমালোচনা করলেন অভিজ্ঞ অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন। তাঁর মতে, এই দুই কিংবদন্তি ক্রিকেটারের প্রতি নির্বাচকেরা সুবিচার করছেন না এবং তাঁদের আরও বেশি সম্মান প্রাপ্য।

ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের মাঝেই ঘোষিত হয়েছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের দল। সেই দল থেকে রোহিত শর্মাকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়া হয়েছে, যদিও বিরাট কোহলির সঙ্গে তাঁকেও দলে রাখা হয়েছে। নির্বাচকদের এই পদক্ষেপের পরেই নিজের ইউটিউব চ্যানেলে মুখ খোলেন অশ্বিন।

অশ্বিন বলেন, “রোহিত-বিরাটের আরও সম্মান প্রাপ্য। দল নির্বাচন দেখে এটা পরিষ্কার যে নির্বাচকেরা এখন ভবিষ্যতের দিকে তাকাতে চাইছেন। কিন্তু ক্রিকেটের প্রায় শেষ প্রান্তে পৌঁছে যাওয়া এই দুই তারকার আরও ভাল ব্যবহার প্রাপ্য।”

টিম ম্যানেজমেন্টকে তোপ দেগে অশ্বিন বলেন, “এটা বলে দেওয়া খুবই সহজ যে, ওদের বয়স হয়েছে, ওদের অবসর নিতে হবে। কিন্তু এই সব ভাবতে গিয়ে আমরা একটা জরুরি বিষয় উপেক্ষা করে যাচ্ছি—এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মের হাতে ক্রিকেট জ্ঞানের ব্যাটন তুলে দেওয়া।”

অশ্বিন স্পষ্ট করেন যে, রোহিত বা বিরাটকে তরুণ শুভমনদের ব্যাটিং কৌশল শেখাতে হবে না। বরং তাঁরা শেখাবেন, “কীভাবে বড় ম্যাচে বা চাপের পরিস্থিতিতে মানসিকতা ঠিক রাখতে হয় এবং চাপ সামলাতে হয়।”

সাম্প্রতিককালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে দুই তারকার ফরম্যাট কমানোর সিদ্ধান্তের পর থেকেই জল্পনা চলছে যে ২০২৭ বিশ্বকাপের আগেই এই দুই তারকা আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে পারেন। কিন্তু অস্ট্রেলিয়া সফরের দল ঘোষণার পর, ক্যাপ্টেন্সি খোয়ানো ও দল থেকে ছাঁটাই হওয়ার জল্পনা আরও তীব্র হয়েছে। সমর্থকদের একাংশ ইতিমধ্যেই রোহিতকে নেতৃত্ব থেকে সরানোর সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন।