রাম মন্দির ট্রাস্টের আর্থিক হিসাবে কি বড় অস্বচ্ছতা? PMO-এর নির্দেশেও মিলল না তথ্য!

রাম মন্দির ট্রাস্টের আর্থিক স্বচ্ছতা নিয়ে বিতর্ক তুঙ্গে। বিজেপি নেতা রজনীশ সিংয়ের অভিযোগের ভিত্তিতে PMO আর্থিক খতিয়ান তলব করলেও, শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট সেই তথ্য দিতে সরাসরি অস্বীকার করেছে। ট্রাস্টের দাবি, বর্তমানে একটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম (SIT) গোটা বিষয়টির তদন্ত করছে, তাই এই পর্যায়ে নতুন করে তথ্য প্রকাশ করা সমীচীন নয়।

সম্প্রতি SIT তাদের প্রাথমিক রিপোর্ট উত্তরপ্রদেশ সরকারের কাছে জমা দিয়েছে। জানা গেছে, ওই রিপোর্টে দানের টাকা গণনা এবং পর্যবেক্ষণে গুরুতর গাফিলতি ও অস্বচ্ছতার ইঙ্গিত রয়েছে। কারা দান গণনা করছে এবং তাদের সঙ্গে ট্রাস্টের পদাধিকারীদের কোনো যোগসাজশ আছে কি না, তা নিয়েও SIT তদন্ত চালাচ্ছে। এ ছাড়াও মন্দিরের প্রশাসনিক কাজে যুক্ত কর্মকর্তাদের ভূমিকাও প্রশ্নের মুখে।

এখনও পর্যন্ত কাউকে ক্লিন চিট দেওয়া হয়নি। SIT এই মামলার গভীরতা বিবেচনা করে তদন্তের সময়সীমা বাড়ানোর আবেদন জানিয়েছে। ‘সমর্পণ নিধি’ অভিযানের ফান্ড, সোনা-রুপোর দান এবং ব্যাংকিং লেনদেনের স্বচ্ছতা নিয়ে যে প্রশ্ন উঠেছে, তার সুরাহা এখন SIT-এর প্রতিবেদনের দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।