রাম মন্দিরের কারণে নির্বাচনে জয় আসেনি বিজেপির! বিস্ফোরক মন্তব্য পুরীর শংকরাচার্যের

আসানসোলে এক বিস্ফোরক মন্তব্যে পুরীর শংকরাচার্য নিশ্চলানন্দ সরস্বতী মহারাজ দাবি করেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সন্ন্যাসীদের ওপর চাপ সৃষ্টি করছেন, আর এর ফলস্বরূপ তিনি নিজেও চাপে পড়ে যাচ্ছেন। তাঁর মতে, কোনো সন্ন্যাসী রাজনৈতিক দলের অনুগামী হতে পারেন না।
আসানসোলের পাঁচগাছিয়াতে একটি ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেওয়ার ফাঁকে ইটিভি ভারতের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে শংকরাচার্য বলেন, “মোদিজি শংকরাচার্যকেও নিজের অনুগামী করতে চাইছেন, এটা ঠিক নয়। সন্ন্যাসী কোনো রাজনৈতিক দলের অনুগামী হন না। মোদিজি সন্ন্যাসীদের ওপর যে চাপ সৃষ্টি করছেন, তাতে তিনি নিজেই চাপে পড়ে যাচ্ছেন। কেন্দ্রে তো বিজেপি সংখ্যাগরিষ্ঠ নয়।”
রাম মন্দির নিয়ে মন্তব্য
রাম মন্দির প্রসঙ্গে শংকরাচার্য বলেন, বিজেপি ভোটের ময়দানে এই ইস্যুকে ব্যবহার করার চেষ্টা করলেও তা কোনো কাজে আসেনি। তাঁর মতে, অযোধ্যা-সহ নাসিক, চিত্রকূট, রামেশ্বরমের মতো অনেক জায়গাতেই বিজেপিকে হারের মুখ দেখতে হয়েছে। “রামজি’র প্রতিষ্ঠা হওয়ার পর অযোধ্যাতে বিজেপি হেরেছিল কি না! রামজি কোথায় তাদের রক্ষা করল? সব জায়গায় তো রামজি তাদের হারিয়ে দিল,” প্রশ্ন তোলেন তিনি। শংকরাচার্য বলেন, ৫০০ বছর ধরে আটকে থাকা একটি কাজ বিজেপি করেছে, কিন্তু সেটাকে নির্বাচনী ফায়দা হিসেবে ব্যবহার করতে চেয়েছিল, যা উল্টো ফল দিয়েছে।
‘ধর্ম কখনও বিপদে থাকে না’
রাজ্যে হিন্দু ধর্ম বিপদে আছে, বিজেপি নেতাদের এমন অভিযোগের জবাবে শংকরাচার্য বলেন, “ধর্ম কখনও বিপদে থাকে না। যারা ধর্ম মানে না তারাই বিপদে পড়ে।” তিনি আরও বলেন, “মুখ্যমন্ত্রী মমতাজির উচিত ধীরে-সুস্থে কাজ করা। মুসলমানদের ওপর অন্যায় হওয়া যেমন ঠিক নয়, তেমনই মুসলিম তোষণও ঠিক নয়।”
পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচার
অন্য রাজ্যে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচারের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, যেহেতু রাষ্ট্রভাষা হিন্দি, তাই ছোটবেলা থেকেই বাংলাভাষী মানুষের হিন্দি শেখায় কোনো আপত্তি থাকা উচিত নয়। তবে কারও ওপর অত্যাচার হওয়া উচিত নয় বলেও তিনি মন্তব্য করেন। পরিশেষে তিনি বলেন, “ন্যায় সবার সঙ্গেই হওয়া উচিত, তিনি হিন্দু হোন বা অহিন্দু। তবে হিন্দু সুরক্ষিত থাকলে, বিশ্ব সুরক্ষিত থাকবে।”