রাতে চিলেকোঠা দিয়ে ঘরে ঢুকে ঘুমন্ত তরুণীকে ধর্ষণ! হুমকি ‘RG kar-এর ঘটনা’র! আতঙ্কে গৃহবন্দি পরিবার

কলকাতার অদূরে দত্তপুকুরে ১৯ বছরের এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে দুই প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। রাতের অন্ধকারে এই পাশবিক ঘটনা ঘটানোর পর থেকে নির্যাতিতা ও তার পরিবারকে ভয়ংকর হুমকি দেওয়া হচ্ছে। পুলিশের কাছে অভিযোগ জানানোর পর থেকে পলাতক এক অভিযুক্ত ‘আরজি করের মতো ঘটনা’ ঘটিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে বলে অভিযোগ। এই ঘটনায় ইতিমধ্যেই এক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে, তবে দ্বিতীয়জন এখনও অধরা।

পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা যায়, দত্তপুকুর থানার কদম্বগাছি এলাকায় অভিযুক্ত দুই যুবক শুভ সাহা এবং সঞ্জয় দাসের বাড়ি। নির্যাতিতা তরুণী তাদেরই প্রতিবেশী। অভিযোগ, কয়েক দিন আগে গভীর রাতে সঞ্জয় এবং শুভ চিলেকোঠা দিয়ে তরুণীর ঘরে প্রবেশ করে। সেই সময় তরুণী একাই ঘরে ঘুমিয়ে ছিলেন। তার মায়ের ঘরের বাইরে থেকে ছিটকিনি লাগিয়ে দিয়ে তারা তরুণীর ঘরে ঢোকে। ঘুমন্ত অবস্থায় তার মুখ ও গলা চেপে ধরে তারা। প্রাণপণে নিজেকে বাঁচানোর চেষ্টা করলেও অভিযুক্তরা তার পোশাক ছিঁড়ে শ্লীলতাহানি ও ধর্ষণ করে। কোনোমতে পালিয়ে গিয়ে মায়ের ঘরের ছিটকিনি খুলে তিনি পুরো ঘটনা জানান। এর পরেই এলাকা ছেড়ে পালায় দুই অভিযুক্ত।

এই ঘটনার পর দত্তপুকুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তরুণী। অভিযোগের ভিত্তিতে পুলিশ সঞ্জয় দাসকে গ্রেপ্তার করে। তবে এখানেই শেষ নয়, পলাতক অভিযুক্ত শুভ সাহা ক্রমাগত তরুণী ও তার পরিবারকে হুমকি দিচ্ছে। অভিযোগ, থানায় অভিযোগ কেন করা হয়েছে, এই কারণে তাকে এলাকা ছেড়ে চলে যাওয়া এবং ‘আরজি করের মতো ঘটনা’ ঘটানোর হুমকি দেওয়া হচ্ছে। বর্তমানে চরম আতঙ্কে নির্যাতিতার পরিবার কার্যত গৃহবন্দী অবস্থায় রয়েছে।

বারাসত জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাস জানিয়েছেন, ধর্ষণের অভিযোগের ভিত্তিতে একজন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং দ্বিতীয় অভিযুক্তকে খুঁজে বের করার জন্য জোর তল্লাশি চলছে।