রাতবিরেতে ব্যারাকপুরে বন্দুকবাজের তাণ্ডব, শূন্যে গুলি ছুড়ে গ্রেফতার ৩ যুবক, রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে

ব্যারাকপুরে রাতের অন্ধকারে বন্দুকবাজের তাণ্ডব! বিটি রোডের ওপর দিয়ে জয় রাইডিং করার সময় এলোপাতাড়ি গুলি চালানোর অভিযোগ উঠেছে তিন যুবকের বিরুদ্ধে। লাটবাগান মাঠের দিকে লক্ষ্য করে শূন্যে চালানো এই গুলিবর্ষণের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যে পুলিশ তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে।
কী ঘটেছে?
সোমবার রাতে ব্যারাকপুরের বিটি রোডে এই ঘটনা ঘটে। তিন যুবক বাইকে করে যাচ্ছিলেন এবং হঠাৎই শূন্যে গুলি চালাতে শুরু করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং তিন অভিযুক্তকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে একটি বন্দুক এবং কিছু কার্তুজ উদ্ধার হয়েছে। জানা গেছে, অভিযুক্তরা সম্প্রতি জামিনে জেল থেকে ছাড়া পেয়েছিল। মেডিক্যাল চেক-আপের পর তাদের ব্যারাকপুর আদালতে তোলা হয়েছে।
রাজনৈতিক চাপানউতোর
এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ এবং বিজেপি নেতা অর্জুন সিং এই ঘটনার জন্য শাসক দলকে দায়ী করেছেন। তিনি বলেন, “ব্যারাকপুর শিল্পাঞ্চল জুড়ে বিভিন্ন জায়গায় অস্ত্রের কারবার চলছে। লাটবাগান থেকেই এই সমস্ত গুলি, পিস্তল বের হয়।”
অন্যদিকে, ব্যারাকপুর পৌরসভার চেয়ারম্যান উত্তম দাস পুলিশের ভূমিকার প্রশংসা করেছেন। তিনি বলেন, “যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, তারা কেউ রেহাই পায়নি। পুলিশ তাদের ধরেছে।” তিনি প্রশাসনের কাছে অনুরোধ করেন, এই ধরনের দুষ্কৃতীদের উপর ২৪ ঘণ্টা নজরদারি রাখার জন্য, যারা জামিন পেয়ে জেল থেকে ছাড়া পাচ্ছে। তিনি আরও বলেন, “এদের খোলা ছাড়া উচিত নয়।”
এই ঘটনায় স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত। প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।