রাজ্যে শূন্যপদ পূরণের তোড়জোড়! কর্মরত শিক্ষকদের ক্ষেত্রেও টেট বাধ্যতামূলক করল সুপ্রিম কোর্ট

রাজ্যের যুবক-যুবতীদের জন্য উৎসবের মরসুমের আগে বড়সড় সুখবর দিল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। রাজ্যে মোট ১৩,৪২১টি প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ প্রক্রিয়া শুরু করার কথা ঘোষণা করা হয়েছে। শুক্রবার এই ‘বাম্পার নিয়োগের’ কথা জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

তিনি বলেন, “খুব দ্রুতই এই শূন্যপদ পূরণের জন্য ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করা হবে।”

বিজ্ঞপ্তি জারি, কারা করতে পারবেন আবেদন?
উল্লেখ্য, প্রাথমিক শিক্ষা পর্ষদ বৃহস্পতিবারই ১৩ হাজার ৪২১টি শূন্যপদের নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। পর্ষদের তরফে জানানো হয়েছে, সমস্ত প্রাথমিক টেট (TET) উত্তীর্ণ প্রার্থীরা এই নিয়োগের জন্য আবেদন করতে পারবেন।

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বক্তব্য অনুযায়ী, পুজোর পরই প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ শুরু হবে।

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু শুক্রবার এক অনুষ্ঠানে সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে বলেন, “এটি নিয়ে আমরা গভীরভাবে ভাবছি। আমাদের সংগঠনগতভাবে কী করা যায় তা দেখছি। তবে, তার আগে সমস্ত নিয়ম-কানুন ও বিধি খতিয়ে দেখতে হবে।”

এই দ্রুত ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হওয়ায় প্রার্থীরা সময়মতো প্রস্তুতি নিতে পারবে এবং শূন্যপদগুলো পূরণের কাজও দ্রুত শেষ হবে বলে মনে করা হচ্ছে।

কর্মরতদের জন্যও টেট বাধ্যতামূলক
নিয়োগের এই ঘোষণার সঙ্গে সঙ্গেই আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে এসেছে। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, কর্মরত প্রাথমিক শিক্ষকদের ক্ষেত্রেও টেট বাধ্যতামূলক করতে হবে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে রাজ্য সরকার বিষয়টি নিয়ে কী পদক্ষেপ নেয়, সেদিকে নজর রাখছে ওয়াকিবহাল মহল।

প্রসঙ্গত, এদিন অনুষ্ঠানে চারজন গবেষককে ‘বিদ্যাসাগর-দিনময়ী’ পুরস্কার তুলে দেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। পুরস্কারপ্রাপ্তরা হলেন আশিস নন্দী, ভক্তি দে, অমিয়প্রসাদ সেন এবং সংযুক্তা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যাসাগর আকাদেমির সচিব অচিন চক্রবর্তী।