যৌতুকের দাবিতে ফের খুন! আসানসোলের রানিগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, দেহজুড়ে একাধিক আঘাতের চিহ্ন

ফের একবার যৌতুকের বলি হলেন এক গৃহবধূ। আসানসোলের রানিগঞ্জের নিমচা এলাকার আমকোলায় এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। মৃতার শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মৃতের বাপের বাড়ির সদস্যরা অভিযোগ করেছেন যে, যৌতুকের জন্য তাঁদের মেয়েকে খুন করা হয়েছে।

জানা গেছে, মৃত গৃহবধূর নাম পাপিয়া। তাঁর বাপের বাড়ির সদস্যদের অভিযোগ, স্বামী পার্থ গোপ এবং তাঁর পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে পাপিয়ার কাছে টাকা চাইছিলেন। সম্প্রতি, ১ লক্ষ টাকা আনার জন্য তাঁর ওপর চাপ সৃষ্টি করা হয়। সেই টাকা দিতে না পারায় তাঁকে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের।

এই খবর ছড়িয়ে পড়তেই মৃতার বাপের বাড়ির সদস্য এবং স্থানীয় কিছু যুবক ক্ষুব্ধ হয়ে শ্বশুরবাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনা আবারও সমাজের গভীরে গেঁথে থাকা যৌতুক প্রথার ভয়াবহতা তুলে ধরল