যাদবপুর কাণ্ডে আরও কঠোর পদক্ষেপ! অশান্তির তদন্তে ফের প্রাক্তন বিচারপতিকে যুক্ত করল বিশ্ববিদ্যালয়

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গত ১৯ ও ২০ অগস্ট বাম ছাত্র সংগঠন ও এবিভিপির সংঘর্ষের ঘটনায় তদন্ত প্রক্রিয়াকে আরও পোক্ত করতে কমিটি পুনর্গঠন করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ১ সেপ্টেম্বর প্রকাশিত এক নতুন বিজ্ঞপ্তিতে এই বিচারবিভাগীয় তদন্ত কমিটিতে আরও এক প্রাক্তন বিচারপতিকে যুক্ত করার কথা জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, তিন সদস্যের এই ‘জুডিশিয়ারি এনকোয়ারি কমিশন’-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্বে রয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি প্রণব কুমার চট্টোপাধ্যায়। নতুন করে এই কমিটিতে যুক্ত হয়েছেন প্রাক্তন জেলা ও দায়রা বিচারপতি সমরেশ প্রসাদ চৌধুরী। ফলে এখন এই তদন্ত কমিটিতে দু’জন প্রাক্তন বিচারবিভাগীয় ব্যক্তিত্ব একসঙ্গে কাজ করবেন। এর পাশাপাশি কমিটির তৃতীয় সদস্য হিসেবে রয়েছেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের IQAC-এর ডিরেক্টর অধ্যাপক সৌমেন্দু চট্টোপাধ্যায়।

গত ১৯ ও ২০ আগস্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষ ও অশান্তির ঘটনা ঘটে। সেই অনভিপ্রেত পরিস্থিতি কেন এবং কীভাবে তৈরি হয়েছিল, তার পুঙ্খানুপুঙ্খ সত্যতা খতিয়ে দেখতেই এই বিচারবিভাগীয় তদন্ত কমিশন গঠন করা হয়েছিল। ইতিমধ্যেই কমিশনের প্রথম দফার বৈঠক সম্পন্ন হয়েছে। সেই বৈঠকেই কমিশনের চেয়ারম্যান ইঙ্গিত দিয়েছিলেন যে প্রয়োজন হলে তদন্তের পরিধি বাড়াতে কমিটিতে আরও সদস্য অন্তর্ভুক্ত করা হতে পারে। সেইমতোই নতুন বিচারপতির সংযোজন করে তদন্তের স্বচ্ছতা ও গতি আরও বাড়িয়ে দিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।