ম্যাকবুক লাভারদের জন্য বিরাট ধামাকা! আসছে টাচস্ক্রিন ডিসপ্লে ও হালকা ওজনের নতুন MacBook Pro

অ্যাপলের ল্যাপটপ মানেই প্রিমিয়াম লুক আর কার্যকারিতার এক অনন্য মেলবন্ধন। ব্যবহারকারীদের কাছে ম্যাকবুক প্রো-এর জনপ্রিয়তা নিয়ে নতুন করে কিছু বলার নেই। তবে এতদিন এই ল্যাপটপের একটি অন্যতম বড় ত্রুটি হিসেবে অনেকেই এর কিছুটা বাড়তি ওজনের কথা উল্লেখ করতেন। ব্যবহারকারীদের সেই ফিডব্যাককে গুরুত্ব দিয়েই এবার বড়সড় ডিজাইনে পরিবর্তনের পথে হাঁটছে কুপার্টিনোর এই টেক জায়ান্ট।

ব্লুমবার্গ-এর প্রখ্যাত সাংবাদিক মার্ক গুরম্যান তাঁর ‘পাওয়ার অন’ (Power On) নিউজলেটারে এই বিষয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। তাঁর রিপোর্ট অনুযায়ী, অ্যাপল তাদের পরবর্তী প্রজন্মের ম্যাকবুক প্রো মডেলে ইনটার্নাল ডিজাইনে ব্যাপক পরিবর্তন আনতে চলেছে। বিভিন্ন ইন্টারনাল কম্পোনেন্টের পজিশন বদল করে ডিভাইসটিকে আগের চেয়ে অনেক বেশি আকর্ষণীয়, হালকা ও পাতলা করে তোলা হবে।

সবচেয়ে বড় চমক টাচস্ক্রিন ডিসপ্লে: ওজন কমানোর পাশাপাশি প্রযুক্তির জগতেও এক ঐতিহাসিক পদক্ষেপ নিতে চলেছে অ্যাপল। গুঞ্জন সত্যি করে জানা যাচ্ছে, পরবর্তী ম্যাকবুক প্রো মডেলে প্রথমবারের মতো টাচস্ক্রিন ডিসপ্লে যুক্ত করা হতে পারে। ম্যাকবুকের ইতিহাসে এটিই হতে চলেছে প্রথম টাচস্ক্রিন ল্যাপটপ।

কী থাকছে বর্তমান মডেলে? বর্তমানে বাজারে থাকা MacBook Pro মডেলে রয়েছে শক্তিশালী M5 Max চিপ, যার ওজন প্রায় ২.১৫ কেজি। তুলনামূলকভাবে ১৫ ইঞ্চির MacBook Air-এর ওজন প্রায় দেড় কেজি। নতুন মডেলটিতে ডিজাইন ও হার্ডওয়্যারে এমন কিছু পরিবর্তন আনা হচ্ছে, যাতে পারফরম্যান্স অক্ষুণ্ণ রেখেই ল্যাপটপের ওজন উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব হয়।

জন টার্নাসের নতুন স্ট্র্যাটেজি: বিশ্লেষকদের মতে, ২০২৬ সালের ১ সেপ্টেম্বর থেকে অ্যাপলের নতুন সিইও (CEO) হিসেবে দায়িত্ব নিয়েছেন জন টার্নাস। এর আগে তিনি দীর্ঘদিন সংস্থার হার্ডওয়্যার সেগমেন্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে সফলভাবে কাজ করেছেন। হার্ডওয়্যারের খুঁটিনাটি ও ব্যবহারকারীদের মনস্তত্ত্ব তাঁর দারুণ জানা থাকায়, তাঁর আমলেই ম্যাকবুক প্রো-র এই বড় পরিবর্তনটি আসছে বলে মনে করছেন টেক বিশেষজ্ঞরা।

অ্যাপলপ্রেমীদের জন্য এই নতুন চমক কতটা আকর্ষক হয়, সেটাই এখন দেখার অপেক্ষা!