মোদী আসছেন কলকাতায়, শহরের একাধিক রাস্তায় ট্র্যাফিক নিয়ন্ত্রণ! জেনেনিন আপনার রুটে কী পরিবর্তন হচ্ছে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কলকাতা সফরকে কেন্দ্র করে শহরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আগামী রবিবার ও সোমবার, অর্থাৎ ১৪ এবং ১৫ সেপ্টেম্বর, শহরের বিভিন্ন রাস্তায় কড়া ট্র্যাফিক বিধিনিষেধ জারি করেছে কলকাতা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। বিশেষ করে ভারী পণ্যবাহী গাড়ির উপর নিষেধাজ্ঞা জারি থাকবে। কলকাতা পুলিশের পক্ষ থেকে নগরপাল মনোজ ভার্মা এক প্রেস বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানিয়েছেন।

রবিবার, দুপুর ৩:৩০টা থেকে রাত ৮টা পর্যন্ত শহরের একাধিক রাস্তায় ভারী যান চলাচল নিষিদ্ধ থাকবে।

রাজভবনের দক্ষিণ গেট থেকে আরআর অ্যাভিনিউ, রেড রোড হয়ে জে অ্যান্ড এন আইল্যান্ড পর্যন্ত রাস্তাগুলো প্রভাবিত হবে।

এছাড়াও, এজেসি বোস রোড থেকে হাসপাতাল রোড, লাভার্স লেন, খিদিরপুর রোড হয়ে জে অ্যান্ড এন আইল্যান্ড এবং রেড রোড হয়ে রাজভবনের দক্ষিণ গেট পর্যন্ত ভারী গাড়ি চলাচল নিয়ন্ত্রিত থাকবে।

সোমবার, সকাল ৭:৩০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই বিধিনিষেধ কার্যকর থাকবে।

রাজভবনের দক্ষিণ গেট থেকে শুরু করে আরআর অ্যাভিনিউ, রেড রোড, জে অ্যান্ড এন আইল্যান্ড হয়ে ফোর্ট উইলিয়ামের পূর্ব গেট পর্যন্ত গাড়ি চলাচল সীমিত থাকবে।

খিদিরপুর রোড এবং সংলগ্ন এলাকাতেও ভারী যান চলাচল বন্ধ থাকবে।

১৪ সেপ্টেম্বর সকাল ৬টা থেকে ১৫ সেপ্টেম্বর রাত ১০টা পর্যন্ত রাজভবনের আশেপাশের কোনো রাস্তায় ভারী গাড়ি চলতে পারবে না।

১৪ সেপ্টেম্বর রাত ১০টা থেকে ১৫ সেপ্টেম্বর বিকেল ৪টা পর্যন্ত গভর্নমেন্ট প্লেস ইস্ট থেকে এসপ্ল্যানেড রো ইস্ট ক্রসিং, ওল্ড কোর্ট হাউস স্ট্রিট এবং বিবাদী বাগের দক্ষিণ ক্রসিং সম্পূর্ণ বন্ধ থাকবে।

কলকাতা পুলিশ যাত্রীদের অনুরোধ করেছে, এই দুই দিন বিকল্প রাস্তা ব্যবহার করতে এবং ট্র্যাফিক নির্দেশিকা অনুসরণ করতে।