মেলানিয়া ট্রাম্পকে ‘গর্ভবতী বিধবা’ বলে কটাক্ষ! জিমি কিমেলের একটি জোকস ঘিরে উত্তাল আমেরিকা

বিখ্যাত আমেরিকান টিভি উপস্থাপক ও কৌতুক অভিনেতা জিমি কিমেল বর্তমানে এক চরম বিতর্কের কেন্দ্রবিন্দুতে। গত ২৩ এপ্রিল তাঁর জনপ্রিয় শো ‘জিমি কিমেল লাইভ!’-এ মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে নিয়ে করা একটি মন্তব্যকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। অনুষ্ঠানে মেলানিয়াকে উদ্দেশ্য করে কিমেল বলেন, “মিসেস ট্রাম্প, আপনাকে তো একজন গর্ভবতী বিধবার মতো উজ্জ্বল দেখাচ্ছে।”

বিস্ফোরক পরিস্থিতির নেপথ্যে:
কিমেলের এই মন্তব্যের ঠিক দুই দিন পর, ২৫ এপ্রিল হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনার চলাকালীন একটি চাঞ্চল্যকর গুলির ঘটনা ঘটে। সেই সময় ডোনাল্ড ট্রাম্প, মেলানিয়া ট্রাম্পসহ একাধিক বিশিষ্ট নেতা সেখানে উপস্থিত ছিলেন। এই ঘটনার পর কিমেলের সেই রসিকতাকে ‘সহিংসতায় উস্কানিমূলক’ হিসেবে দেগে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প সরাসরি এবিসি (ABC) চ্যানেল থেকে কিমেলকে সরিয়ে দেওয়ার দাবি তুলেছেন। মেলানিয়া ট্রাম্পও এই বক্তব্যের নিন্দা করে একে ‘ঘৃণা ভাষণ’ বলে অভিহিত করেছেন।

কিমেলের পালটা যুক্তি:
বিতর্ক তুঙ্গে উঠলে নিজের আত্মপক্ষ সমর্থনে মুখ খুলেছেন জিমি কিমেল। তিনি স্পষ্ট জানিয়েছেন যে, তাঁর রসিকতার সাথে গুলির ঘটনার কোনো দূরতম সম্পর্কও নেই। ট্রাম্প ও মেলানিয়ার বয়সের পার্থক্যকে বুঝতেই তিনি ওই শব্দ ব্যবহার করেছিলেন। কিমেলের দাবি, আমেরিকার নাগরিক হিসেবে তাঁর ‘বাকস্বাধীনতা’ রয়েছে এবং তিনি সেই অধিকারেরই প্রয়োগ করেছেন।

কে এই জিমি কিমেল?
২০০৩ সাল থেকে এবিসি চ্যানেলে ‘জিমি কিমেল লাইভ!’ উপস্থাপনা করছেন কিমেল। এটি আমেরিকার দীর্ঘতম লেট-নাইট শোগুলোর অন্যতম। চারবার অস্কার এবং তিনবার এমি অ্যাওয়ার্ডস উপস্থাপনা করা কিমেল এর আগেও একাধিকবার তাঁর রাজনৈতিক মন্তব্যের জন্য বিতর্কে জড়িয়েছেন। ব্যক্তিজীবনে চার সন্তানের জনক কিমেল দীর্ঘকাল ধরে ‘নারকোলেপসি’ (হঠাৎ ঘুমের রোগ) নামক এক স্নায়বিক সমস্যায় ভুগছেন। আপাতত এই নতুন বিতর্ক তাঁর কেরিয়ারে কী প্রভাব ফেলে, সেটাই দেখার।