মুম্বাইয়ে ভয়াবহ হামলার হুমকি, জাল ফেলল পুলিশ, ধরা পড়ল এক কোটির টার্গেটকারী,

মুম্বাই পুলিশকে একের পর এক ভয়াবহ হামলার হুমকি মেসেজ পাঠানোর অভিযোগে অবশেষে গ্রেপ্তার করা হয়েছে ৫১ বছর বয়সী অশ্বিনী কুমার নামে এক ব্যক্তিকে। জানা গেছে, ওই ব্যক্তি গণেশ উৎসবের সময় মুম্বাই জুড়ে ৩৪টি মানব বোমা, ১৪ জন পাকিস্তানি জঙ্গি এবং ৪০০ কেজি আরডিএক্স ব্যবহার করে এক কোটি মানুষকে মেরে ফেলার হুমকি দিয়েছিলেন। তার এই হুঁশিয়ারি মুহূর্তেই বাণিজ্যনগরীতে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছিল।

কে এই অশ্বিনী কুমার?

পুলিশ সূত্রে খবর, অশ্বিনী কুমার আসলে বিহারের পাটনার বাসিন্দা হলেও গত পাঁচ বছর ধরে নয়ডার সেক্টর ৭৯-এ বাবা-মায়ের সঙ্গে থাকতেন। পেশায় তিনি একজন জ্যোতিষী ও বাস্তু পরামর্শদাতা। তার ব্যক্তিগত জীবনে নানা সমস্যা রয়েছে। স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ এবং আর্থিক বিবাদের কারণে এর আগেও তাকে জেল খাটতে হয়েছে।

কেন এই হুমকি?

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, অশ্বিনী তার পুরনো শত্রু ফিরোজকে ফাঁসানোর জন্য এই হুমকি বার্তাগুলো পাঠিয়েছিলেন। ‘লস্কর-এ-জিহাদি’ নামের একটি সংগঠনের নামে তিনি এই মেসেজগুলো পাঠান এবং তাতে হিন্দুদের নির্মূল করার হুমকিও দেওয়া হয়।

পুলিশের তৎপরতা

হুমকি পাওয়ার সঙ্গে সঙ্গেই মুম্বাই পুলিশ কন্ট্রোল রুম এবং ট্রাফিক পুলিশ সতর্কতা জারি করে। পুরো শহরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় এবং তল্লাশি অভিযান শুরু হয়। একটি মুদি দোকানের সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে চিহ্নিত করে প্রথমে নয়ডা পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং পরে মুম্বাই পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এই ঘটনা আবারও দেখিয়ে দিল, ব্যক্তিগত আক্রোশ মেটানোর জন্য কিছু মানুষ কতটা বিপজ্জনক পথ বেছে নিতে পারে।