মুখ্য নির্বাচন কমিশনারের বাড়িতে তুলকালাম! গেটে কালি ও স্লোগান লেখার অভিযোগে গ্রেপ্তার দুই কংগ্রেস কর্মী

ভোটার তালিকার বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) সংক্রান্ত বিতর্ক ঘিরে তীব্র আকার ধারণ করল রাজনৈতিক সংঘাত। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের আগ্রার পৈতৃক বাসভবনের বাইরে বিক্ষোভ দেখানোর অভিযোগ উঠল কংগ্রেস কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। এই ঘটনায় বাড়ির প্রধান ফটক ও দেওয়ালে স্প্রে পেইন্ট দিয়ে স্লোগান লেখার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে হঠাৎই বিপুল সংখ্যক কংগ্রেস কর্মী জ্ঞানেশ কুমারের বিজয় নগরের বাসভবনের বাইরে জড়ো হন। তাঁরা সিইসির বিরুদ্ধে নানা স্লোগান দেওয়ার পাশাপাশি বাড়ির গেট ও দেওয়ালে আপত্তিকর স্লোগান স্প্রে-পেইন্ট করেন এবং বিভিন্ন পোস্টার ও প্রচারপত্র সাঁটিয়ে দেন। ঘটনার পরেই সোশ্যাল মিডিয়ায় সেই প্রতিবাদের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে। ভারতীয় যুব কংগ্রেসের তরফেও সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার দায় স্বীকার করে তীব্র আক্রমণ শানানো হয়।

আইনি পদক্ষেপ ও পুলিশের কড়া বার্তা

এই হট্টগোলের পরেই আগ্রার হরিপর্বত থানায় ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-র বিভিন্ন ধারায় মামলা রুজু করে পুলিশ। ঘটনার পরেই দিল্লির দিকে পালিয়ে যাওয়ার সময় অনিল যাদব ও মুকেশ ধাঙ্গার নামের দুই সন্দেহভাজনকে ধাওয়া করে গ্রেপ্তার করে পুলিশ। আগ্রা পুলিশ স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, গণতান্ত্রিকভাবে প্রতিবাদ জানানোর অধিকার সবার থাকলেও আবাসিক এলাকায় আইনশৃঙ্খলার অবনতি ঘটানো হলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, নির্বাচন কমিশনের কার্যপ্রণালী এবং ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া নিয়ে গত কিছুদিন ধরেই কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে আসছে কংগ্রেস। রাহুল গান্ধী সহ একাধিক বিরোধী নেতার অভিযোগ, নির্বাচন কমিশন শাসক দলের পক্ষে একপেশে কাজ করছে। এই উত্তপ্ত পরিস্থিতির মাঝেই মুখ্য নির্বাচন কমিশনারের বাড়িতে এই বিক্ষোভের ঘটনা জাতীয় রাজনীতিতে নতুন করে চরম উত্তাপ ছড়িয়েছে।