মিনিটেই বদলাবে আবহাওয়া! কলকাতার কোন কোন এলাকায় ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ভারী ঝড়-বৃষ্টি?

রাজ্যের একাধিক জেলায় আগামী কয়েক ঘণ্টার মধ্যে তীব্র প্রাকৃতিক দুর্যোগ ধেয়ে আসার পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। কেন্দ্রীয় ও আঞ্চলিক দপ্তরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, রাজধানী কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক গুরুত্বপূর্ণ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সঙ্গে প্রচণ্ড বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলা করতে এবং সাধারণ মানুষকে সতর্ক করতে প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই একাধিক জেলায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।
আবহাওয়া দপ্তরের সাম্প্রতিক আপডেট অনুযায়ী, হাওড়া, হুগলি, কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব বর্ধমান জেলার নির্দিষ্ট কিছু অংশে ইতিমধ্যেই কমলা সতর্কবার্তা বা অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। আবহাওয়াবিদদের মতে, আগামী ২ থেকে ৩ ঘণ্টার মধ্যে এই জেলাগুলির উপর মাঝারি থেকে তীব্র বজ্রঝড় এবং মুষলধারে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এই আকস্মিক দুর্যোগের জেরে রাজ্যবাসীকে অবিলম্বে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
কমলা সতর্কতার পাশাপাশি একাধিক জেলায় হলুদ বা ইয়েলো অ্যালার্টও জারি করা হয়েছে। ওই অঞ্চলগুলিতে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে পারে বলে অনুমান করা হচ্ছে। এর ফলে নিচু এলাকাগুলিতে জল জমে যাওয়ার তীব্র আশঙ্কা রয়েছে এবং কৃষিকাজেও ব্যাপক ক্ষতির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অন্যদিকে, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলার কিছু অংশেও মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং দমকা বাতাসের পূর্বাভাস থাকায় সেখানেও হলুদ সর্তকতা বহাল রাখা হয়েছে।
দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টি থামার কোনো লক্ষণ নেই। আবহাওয়া অফিস স্পষ্ট জানিয়ে দিয়েছে যে আবহাওয়ার এই বদ্রমাটি বর্তমান অবস্থাতেই বজায় থাকবে। গত বুধবারও রাজ্যের বিভিন্ন জেলায় কোথাও ভারী তো কোথাও মাঝারি বৃষ্টি হয়েছে, এবং খোদ কলকাতাতেও মুষলধারে বর্ষণ রেকর্ড করা হয়েছে। গতকালের ধারাবাহিকতা বজায় রেখে আজও দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভারী বৃষ্টির জোরালো সম্ভাবনা রয়েছে।
আলিপুর হাওয়া অফিস সূত্রে আরও জানা গিয়েছে যে, গত মঙ্গলবার পর্যন্ত পশ্চিমবঙ্গের ওপর সুস্পষ্ট নিম্নচাপ অবস্থান করলেও তা বর্তমানে সরে গিয়ে উত্তর-পূর্ব মধ্যপ্রদেশ ও সংলগ্ন এলাকায় চলে গেছে। তা সত্ত্বেও দক্ষিণবাসীর স্বস্তি মিলছে না। কারণ, উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত বাতাসের নিম্নস্তরে একটি শক্তিশালী নিম্নচাপ রেখা বা ট্রফ লাইন সক্রিয় রয়েছে। একই সঙ্গে মৌসুমি অক্ষরেখার অবস্থানও পরিস্থিতিকে জটিল করে তুলেছে। এই দুইয়ের সম্মিলিত প্রভাবেই দক্ষিণবঙ্গের আকাশ মেঘাচ্ছন্ন এবং বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। আজ কলকাতায় মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল থেকেই আকাশ মেঘে ঢাকা থাকার পাশাপাশি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়ার পরিবর্তন ঘটবে এবং কলকাতার বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে বৃষ্টি নামবে বলে জানিয়েছে হাওয়া অফিস।