মালদায় ডলফিনের তেল পাচার! বড় চক্রের খোঁজে বন দপ্তর, গ্রেফতার ২

মালদা জেলায় ডলফিনের তেল পাচারের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে বন দফতরের অভিযানে তিন জার ডলফিনের তেল উদ্ধার হয়েছে এবং এই ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। বন দফতরের ধারণা, এর পেছনে একটি বড় পাচার চক্র কাজ করছে।
কালিয়াচক ও মালদা বন দফতরের আধিকারিকরা মোথাবাড়ি থানার পঞ্চানন্দপুরের শুকুল্লাপুর এলাকায় অভিযান চালায়। সেখানে একটি বাড়ি থেকে তিন জার ভর্তি ডলফিনের তেল উদ্ধার করা হয়। এই ঘটনায় ক্ষুদিরাম মণ্ডল (৫৬) এবং সুজিত চৌধুরী (৬৪) নামে দুজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত দুজনকে মালদা শহরের ভবানী মোড়ের বন দফতরের রেঞ্জ অফিসে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। বন দফতর মনে করছে, এই তেল পাচারের পেছনে একটি শক্তিশালী চক্র রয়েছে, যারা দীর্ঘদিন ধরে এই অবৈধ ব্যবসা চালিয়ে আসছে।
ডলফিনের চর্বি গলিয়ে এই তেল তৈরি করা হয়, যা বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। অতীতে কিছু জায়গায় এটি জ্বালানি হিসেবে ব্যবহার করা হতো, এমনকি প্রদীপ জ্বালানোর কাজেও এর ব্যবহার ছিল। এর পাশাপাশি, এই তেল দিয়ে বিভিন্ন ধরনের ওষুধও তৈরি হয়, যেমন গাঁটে ব্যথা কমানোর ওষুধ। তবে বর্তমানে ডলফিন শিকার সম্পূর্ণ বেআইনি।
ডলফিনের তেলের বাজার মূল্য সম্পর্কে সঠিক তথ্য পাওয়া না গেলেও, ইন্টারনেট সূত্র অনুযায়ী, এক লিটার তেলের দাম প্রায় ৮২৫ টাকা হতে পারে। যদিও অবৈধ বাজারের দাম আরও অনেক বেশি হতে পারে বলে অনুমান করা হচ্ছে। এই তেল পাচার চক্রের মূল হোতাদের ধরতে তদন্ত চালাচ্ছে বন দপ্তর।