মালদহে বিচারকদের ওপর নজিরবিহীন হামলা! ৮ ঘণ্টা কেন লাগল উদ্ধারে? ফুঁসছেন প্রাক্তন প্রধান বিচারপতি

মালদহে ভোটার তালিকা সংশোধনের কাজ করতে গিয়ে সাত বিচারকের আটকে পড়া এবং তাঁদের গাড়িতে হামলার ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি। বিষয়টি গড়িয়েছে দেশের সর্বোচ্চ আদালত পর্যন্ত। সুপ্রিম কোর্ট এই ঘটনার তীব্র নিন্দা জানালেও, বিচারকদের উদ্ধার করতে কেন দীর্ঘ ৮ ঘণ্টা সময় লাগল, তা নিয়ে বড়সড় প্রশ্ন তুললেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি দেবাশিস কর গুপ্ত।

প্রাক্তন প্রধান বিচারপতির মতে, বিচারকদের দিয়ে এসআইআর-এর (SIR) কাজ করানো হচ্ছে, যেখানে নাম বাদের ক্ষেত্রে তাঁদের সরাসরি কোনো ভূমিকা নেই। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “প্রশাসনের অনেক আগেই সক্রিয় হওয়া উচিত ছিল। দুপুর থেকে আটকে থাকার পর কেন মধ্যরাতে তাঁদের উদ্ধার করা হলো? জমায়েত হওয়ার সঙ্গে সঙ্গেই কেন ব্যবস্থা নেওয়া হলো না?” রাজ্যে প্রায় ২২ লক্ষ ভোটারের নাম বাদ পড়ার জেরে বিডিও অফিস চত্বরে চরম উত্তেজনা ছড়ায়, যার বলি হতে হয় কর্তব্যরত বিচারকদের।

অন্যদিকে, এই ইস্যুতে রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেছেন বর্ষীয়ান আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিনি বলেন, “বাংলা, বিহার বা উত্তরপ্রদেশে সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নেই। রাজনৈতিক আশ্রয়ে চরম অসভ্যতা চলছে।” উল্লেখ্য, হাইকোর্ট নির্বাচন কমিশনকে জানানোর পরও উদ্ধারকাজে দেরি হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্টও। শেষ পর্যন্ত রাত বারোটার পর পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর তৎপরতায় বিচারকদের উদ্ধার করা সম্ভব হয়।