মার্কিন ভিসাধারীদের জন্য কড়া বার্তা, আইন ভাঙলে সারাজীবনের নিষেধাজ্ঞা! দিল্লিকে সতর্ক করল ওয়াশিংটন

মার্কিন যুক্তরাষ্ট্রে আইনভঙ্গকারী বিদেশি নাগরিকদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিল মার্কিন দূতাবাস। শনিবার এক নজিরবিহীন নির্দেশিকায় দূতাবাস স্পষ্ট জানিয়ে দিল, সেদেশে অপরাধ বা আইন লঙ্ঘনের দায়ে বিদেশি নাগরিকদের ভিসা বাতিল করা হতে পারে এবং তাঁরা সারাজীবনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের অযোগ্য হয়ে যেতে পারেন।
মার্কিন দূতাবাসের এক্স (পূর্বতন টুইটার) হ্যান্ডেল থেকে জারি করা এই কড়া সতর্কবার্তায় বলা হয়েছে, “মার্কিন যুক্তরাষ্ট্র আইন-শৃঙ্খলার দেশ। বিদেশীদের দ্বারা হামলার মতো অপরাধ সহ্য করা হবে না। যদি আপনি মার্কিন যুক্তরাষ্ট্রে আইন ভঙ্গ করেন, তাহলে আপনার মার্কিন ভিসা বাতিল করা হতে পারে এবং আপনি সারাজীবনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরে আসার অযোগ্য হতে পারেন।”
চলতি মাসেই মার্কিন দূতাবাস একাধিকবার একই ধরনের নির্দেশিকা জারি করেছে। ২২ জুলাই প্রকাশিত এক পোস্টে বলা হয়েছিল, “মার্কিন যুক্তরাষ্ট্রে থাকাকালীন যদি আপনাকে হামলা, পারিবারিক সহিংসতা বা অন্যান্য অপরাধের জন্য গ্রেপ্তার করা হয়, তাহলে আপনার মার্কিন ভিসা বাতিল হতে পারে এবং আপনি ভবিষ্যতে মার্কিন ভিসার জন্য অযোগ্য হতে পারেন। ভিসা একটি সুবিধা, অধিকার নয় – যা আইন ভঙ্গ করলে বাতিল করা যেতে পারে।” এর আগে, ১৬ জুলাই-ও দূতাবাস জানিয়েছিল যে, মার্কিন যুক্তরাষ্ট্রে হামলা, চুরি বা ডাকাতির ঘটনা ঘটালে ভিসা বাতিল হতে পারে এবং ভবিষ্যতে মার্কিন ভিসার জন্য অযোগ্যতা সৃষ্টি হতে পারে। ওই পোস্টে আরও বলা হয়, “মার্কিন যুক্তরাষ্ট্র আইন-শৃঙ্খলাকে মূল্য দেয় এবং বিদেশী দর্শনার্থীদের সমস্ত মার্কিন আইন মেনে চলার আশা করে।”
মার্কিন দূতাবাসের এই ধারাবাহিক কঠোর বার্তার পর বিষয়টি নিয়ে কূটনৈতিক মহলেও আলোচনা শুরু হয়েছে। উল্লেখ্য, ভারতে মার্কিন ভিসার জন্য আবেদনকারীর সংখ্যা অনেক বেশি এবং এই ধরনের সতর্কতা তাঁদের ওপর বড় প্রভাব ফেলতে পারে।
এদিকে, এই প্রসঙ্গে ১৭ জুলাই সাপ্তাহিক ব্রিফিংয়ে প্রশ্নের জবাবে ভারতের বিদেশ মন্ত্রণালয়ের (MEA) মুখপাত্র রণধীর জয়সওয়াল বিদেশে থাকাকালীন স্থানীয় আইন মেনে চলার গুরুত্ব তুলে ধরেছেন। তিনি ভারতীয় ভ্রমণকারীদের জন্য মন্ত্রণালয়ের ধারাবাহিক পরামর্শের কথা পুনর্ব্যক্ত করে বলেছেন, “…বিদেশে যাওয়া আমাদের সকলের কাছে আমাদের অনুরোধ হল যে তারা যেন সেই দেশের আইন-শৃঙ্খলা মেনে চলে এবং দেশের ভালো ভাবমূর্তি তৈরি করে।”
জয়সওয়াল আরও যোগ করেন, “…কেউ সেই দেশের নাগরিক হোক বা বিদেশী নাগরিক হোক, সেখানকার আইন মেনে চলা তাদের দায়িত্ব… আমি বলব যে আমাদের লোকেরা যখনই বিদেশে যায়, আমরা সবসময় তাদের সেই দেশের আইনকে সম্মান করার এবং মেনে চলার জন্য অনুরোধ করি, যাতে তারা নিজেদের জন্য একটি ভালো এবং ইতিবাচক ভাবমূর্তি তৈরি করতে পারে এবং তাদের মাধ্যমে আমাদের দেশেরও একটি ভালো ভাবমূর্তি তুলে ধরতে পারে।”
মার্কিন দূতাবাসের এই কঠোর অবস্থান এবং ভারতের বিদেশ মন্ত্রকের সতর্কবাণী, দুই মিলিয়েই বিদেশে বসবাসকারী বা বিদেশগামী ভারতীয়দের জন্য আইন মেনে চলার গুরুত্ব আরও একবার স্পষ্ট হয়ে উঠেছে।