তিন দিন পর স্বাধীনতা দিবস পালন বালুরঘাটে, বিজেপি ও পুরসভা উভয়েরই কর্মসূচি

১৫ই আগস্ট নয়, সোমবার অর্থাৎ ১৮ই আগস্ট বিশেষ মর্যাদায় স্বাধীনতা দিবস পালন করল বালুরঘাট। ১৯৪৭ সালের ১৫ই আগস্ট দেশ স্বাধীন হলেও বালুরঘাটসহ তৎকালীন অবিভক্ত দিনাজপুরের কিছু অংশ পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়েছিল। পরে স্বাধীনতা সংগ্রামীদের আন্দোলনের ফলে এই অংশটি তিন দিন পর ১৮ই আগস্ট ভারতের সঙ্গে যুক্ত হয়। সেই ঐতিহাসিক দিনটিকে স্মরণ করেই প্রতি বছর বালুরঘাটে স্বাধীনতা দিবস পালিত হয়।
এবার এই দিনে বালুরঘাট পুরসভা এবং বিজেপি—উভয় পক্ষই পৃথকভাবে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে। বালুরঘাট পুরসভার উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়, যা বালুরঘাট হাইস্কুল মাঠে এসে শেষ হয়। সেখানে ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ জাতীয় পতাকা উত্তোলন করেন। একইসঙ্গে পুরসভার চেয়ারম্যান অশোক মিত্রও পতাকা উত্তোলন করেন।
অন্যদিকে, প্রতি বছরের মতো এবারও বিজেপি বালুরঘাটের হাইস্কুল মাঠে স্বাধীনতা দিবস পালন করে। বালুরঘাটের বিধায়ক অশোক লাহিড়ী জাতীয় পতাকা উত্তোলন করেন এবং দলের শহর মণ্ডল সভাপতি সমীরপ্রসাদ দত্ত দলীয় পতাকা উত্তোলন করেন।
ঐতিহাসিক তথ্য অনুযায়ী, ১৯৪৭ সালের ১৪ই আগস্ট যখন পাকিস্তান এবং ১৫ই আগস্ট ভারত স্বাধীন হয়, তখন বালুরঘাটসহ কিছু এলাকা ‘নোশনাল এরিয়া’ বা ধারণাকৃত এলাকা হিসেবে ঘোষিত হয়। ১৫ই আগস্ট বালুরঘাটের তৎকালীন মহকুমা প্রশাসক পানাউল্লা বালুরঘাটে পাকিস্তানের পতাকা উত্তোলন করেছিলেন। কিন্তু স্থানীয় স্বাধীনতা সংগ্রামী সরোজরঞ্জন চট্টোপাধ্যায়, পুলিনবিহারী দাশগুপ্ত এবং ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রচেষ্টায় ১৮ই আগস্ট বালুরঘাট ভারতের সঙ্গে যুক্ত হয় এবং ভারতীয় জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
বালুরঘাটের বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী বলেন, “যখন দেশ বিভক্ত হয়, তখন বালুরঘাট পূর্ব পাকিস্তানে চলে যায়। কিন্তু স্বাধীনতা সংগ্রামীদের নিরলস আন্দোলনের ফলে তিন দিন পর আমরা ভারতের সঙ্গে যুক্ত হই এবং স্বাধীনতার স্বাদ পাই।”
এবছর প্রথমবার বালুরঘাট পুরসভাও এই দিনটি পালন করল। পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র বলেন, “আমরা প্রথমবার পুরসভার উদ্যোগে এই দিনটি পালন করছি। স্বাধীনতা সংগ্রামীদের স্মরণে শোভাযাত্রা ও পথনাটিকার আয়োজন করা হয়েছে। এছাড়াও সন্ধ্যায় ৭৯টি প্রদীপ প্রজ্জ্বলন করা হবে।” তিনি আরও বলেন, এই দিনটি বালুরঘাটবাসীর জন্য এক বিশেষ তাৎপর্য বহন করে, কারণ ১৫ই আগস্টের তিন দিন পর তারা স্বাধীনতা পেয়েছিলেন।