“মাদকের কারবারে বড় ধাক্কা! এক ধাক্কায় ২০ কোটির বেশি টাকার ওষুধ বাজেয়াপ্ত, বাতিল বহু কেমিস্টের লাইসেন্স”

রাজ্যে মাদক ও বেআইনি কারবারের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে আরও এক কঠোর পদক্ষেপ করল ভগবন্ত মান সরকার। গত বছরের এপ্রিল থেকে চলতি বছরের সেপ্টেম্বর মাস পর্যন্ত রাজ্যের বিভিন্ন ওষুধ ও কেমিস্টের দোকানে লাগাতার ব্যাপক তল্লাশি চালানো হয়েছে। ফুড অ্যান্ড ড্রাগস অ্যাডমিনিস্ট্রেশনের ড্রাগস উইং সূত্রে জানা গিয়েছে, এই সময়ের মধ্যে মোট ১৬ হাজার ৭৯৮টি জায়গায় হানা দিয়ে বড়সড় অনিয়মের হদিশ মিলেছে।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, বৈধ ও অবৈধ মিলিয়ে মোট ২১৪টি ফার্ম থেকে প্রায় ২০ কোটি ৬৪ লক্ষ টাকার নিষিদ্ধ ও বেআইনি ওষুধ বাজেয়াপ্ত করেছে প্রশাসন। মূলত ড্রাগস অ্যান্ড কসমেটিকস অ্যাক্ট, ১৯৪০ এবং ড্রাগ রুলস, ১৯৪৫-এর নিয়মকানুন লঙ্ঘন করার অভিযোগে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। এর জেরে ইতিমধ্যেই ৫২০ জন কেমিস্টের লাইসেন্স সাময়িকভাবে স্থগিত করা হয়েছে এবং ২২ জন কেমিস্টের লাইসেন্স পাকাপাকিভাবে বাতিল করে দিয়েছে সংশ্লিষ্ট দফতর। প্রশাসনের এই সাঁড়াশি অভিযানে রাজ্যজুড়ে অপরাধী চক্রের অন্দরে ও অসৎ ব্যবসায়ীদের মধ্যে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।