মাত্র ৫ টাকায় মিলছে ‘অন্নপূর্ণা যোজনা’! পুজো মণ্ডপের সামনে এ কী কাণ্ড? জানলে চমকে উঠবেন

পুজোর বাজারে মাত্র ৫ টাকায় মিলছে ‘অন্নপূর্ণা যোজনা’! শুনতে অবাক লাগলেও দুর্গাপুরের পুজো মণ্ডপ চত্বরে এখন ঠিক এমনটাই ঘটছে। সরকারি জনপ্রিয় এই প্রকল্পের নামের সঙ্গে হুবহু মিল থাকা একটি চিপসের প্যাকেট ঘিরেই এখন শুরু হয়েছে তুমুল চর্চা এবং কৌতূহল। সরকারি প্রকল্পের সঙ্গে এর কোনো দূরতম সম্পর্ক না থাকলেও, নামের চমক আর ৫ টাকা দামের সুবাদে ছোটদের কাছে এটি হয়ে উঠেছে পুজোর অন্যতম বড় আকর্ষণ।

সাধারণত বিজেপি শাসিত রাজ্য সরকারের এই জনপ্রিয় প্রকল্পটিতে প্রতি মাসে মহিলারা আর্থিক সহায়তা পেলেও, দুর্গাপুরের মার্কনী দক্ষিণ পল্লীর একটি পুজো মণ্ডপের সামনে যে ‘অন্নপূর্ণা যোজনা’ বিক্রি হচ্ছে, তা আসলে একটি মুখরোচক চিপসের প্যাকেট। পুজোর ভিড়ের মাঝে প্যাকেটের গায়ে এই অদ্ভুত নাম দেখেই থমকে দাঁড়াচ্ছেন আট থেকে আশি সব বয়সের মানুষ। মণ্ডপে আসা খুদেদের আবদার মেটাতে অভিভাবকরাও ৫ টাকার বিনিময়ে সানন্দে কিনে দিচ্ছেন এই চিপস।

বিক্রেতা মহিলার মতে, পুজোর মরশুমে ভিড় বাড়ার সঙ্গে সঙ্গে এই বিশেষ নামের চিপসের বিক্রি একলাফে অনেকটাই বেড়ে গেছে। শিশুদের মধ্যে এর চাহিদা সবচেয়ে বেশি। অন্যদিকে, এই বিষয়ে বিজেপির জেলা মুখপাত্র সুমন্ত মণ্ডল জানিয়েছেন, সরকারি কোনো প্রকল্পের সঙ্গে এই পণ্যের বিন্দুমাত্র যোগ নেই। তবে প্যাকেটটির নামকরণ দেখে তাঁরাও যথেষ্ট মজা পেয়েছেন। তাঁর মতে, সরকারি প্রকল্পের নামের জন্যই বাজারজাতকরণের ক্ষেত্রে এই চিপসের প্রতি ছোটদের আকর্ষণ এবং চাহিদাও বহুগুণ বেড়ে গিয়েছে। সবমিলিয়ে, পুজোর আনন্দ আর কেনাকাটার ভিড়ে মাত্র ৫ টাকার এই ‘অন্নপূর্ণা যোজনা’ এখন রীতিমতো টক অফ দ্য টাউন।