মাত্র ৩ ঘণ্টাতেই কেল্লাফতে! ছাগলের টোপে ধরা পড়ল বিশালাকার চিতাবাঘ, স্বস্তির নিঃশ্বাস ফেলল গ্রামবাসী

চাঞ্চল্যকর ঘটনা! খাঁচা পাতার মাত্র ৩ ঘণ্টার মধ্যেই ধরা পড়ল একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ। ধূপগুড়ি মহকুমার জলঢাকা আলতাডাঙ্গা চাবাগানে চিতাবাঘটি ধরা পড়ায় এলাকায় স্বস্তি ফিরেছে।

স্থানীয়দের অভিযোগ, গত এক সপ্তাহ ধরে চিতাবাঘের হামলায় তারা চরম আতঙ্কে ছিলেন। জলঢাকা আলতাডাঙ্গা চা বাগানের কাছে খুদিরডাঙ্গা গ্রামে চিতাবাঘটি পাঁচটি ছাগল তুলে নিয়ে খেয়ে ফেলেছিল। চা বাগানে কাজ করতে গেলে শ্রমিকদের দিকেও তেড়ে আসত সে। বারবার এমন ঘটনা ঘটায় শ্রমিক ও গ্রামবাসীরা আতঙ্কে ছিলেন। এরপরই বন দফতরকে খবর দেওয়া হয়।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা নাগাদ বন দফতরের কর্মীরা জলঢাকা আলতাডাঙ্গা চা বাগানের শিমুলবাড়ি সেকশনে ছাগলের টোপ দিয়ে একটি খাঁচা পেতে রাখে। রাত ৯টা নাগাদ সেই ছাগল খেতে এসে চিতাবাঘটি খাঁচায় বন্দি হয়ে যায়। পরে রাত সাড়ে এগারোটা নাগাদ বিন্নাগুড়ি রেঞ্জের বনকর্মীরা এসে বাঘটিকে উদ্ধার করে নিয়ে যায়।

সাম্প্রতিক সময়ে চা বাগান এলাকায় চিতাবাঘের উপদ্রব বৃদ্ধি পাচ্ছিল। এই পরিস্থিতিতে পূর্ণবয়স্ক একটি চিতাবাঘ খাঁচাবন্দি হওয়ায় স্থানীয় মানুষ এবং বাগান শ্রমিকেরা কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন।