মাত্র আড়াই মাসে দ্বিতীয়বার ডাকাতি! বিজয়পুরে এবার টার্গেট SBI, ছক কষা দলের সন্ধানে পুলিশ

কর্নাটকের বিজয়পুরে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)-র একটি শাখায় দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেলে একদল দুষ্কৃতী পিস্তল হাতে ব্যাঙ্কে ঢুকে পড়ে এবং ব্যাংক কর্মীদের বেঁধে মারধর করে। তারা প্রায় ৫৮ কেজি সোনা এবং নগদ ৮ কোটি টাকা লুঠ করে নিয়ে যায়। এই ঘটনায় গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ব্যাংক সূত্রে জানা গেছে, ডাকাতির সময় দুষ্কৃতীরা প্রত্যেকেই সেনার পোশাকে ছিল, যা দেখে কর্মীরা ভয় পেয়ে যান এবং কেউই অ্যালার্ম বাজানোর বা সাহায্যের জন্য ডাকার সাহস পাননি। ডাকাতদল সরাসরি ম্যানেজারের কাছে গিয়ে কোষাধ্যক্ষকে হুমকি দিয়ে টাকা ও সোনা লুঠ করে। মাত্র কয়েক মিনিটের মধ্যে তারা তাদের কাজ শেষ করে বেরিয়ে যায়।
ঘটনাস্থল থেকে ডাকাতদের ব্যবহৃত গাড়িটি উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, দুষ্কৃতীরা মহারাষ্ট্রের দিকে পালিয়ে গেছে। কর্নাটক এবং মহারাষ্ট্র পুলিশ যৌথভাবে এই ঘটনার তদন্তে নেমেছে। বিভিন্ন জায়গায় নাকা চেকপোস্ট বসানো হয়েছে এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার কাজ চলছে।
মাত্র আড়াই মাস আগে বিজয়পুরের অন্য একটি ব্যাংকেও ডাকাতি হয়েছিল। সেই ঘটনার সঙ্গে এই ডাকাতির কোনো যোগসূত্র আছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ। বারবার এমন ঘটনা ঘটায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। পুলিশ জানিয়েছে, তারা দ্রুত অভিযুক্তদের ধরার চেষ্টা করছে এবং স্থানীয়দের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।