মাঝ সমুদ্রে ঝড়ের কবলে মৎস্যজীবীরা! দেবদূতের ভূমিকায় কুলতলি থানার পুলিশ, শেষে যা ঘটল?

ভীর সমুদ্রে মৃত্যুর মুখ থেকে ৯ জন মৎস্যজীবীর প্রাণ বাঁচাল পুলিশ। কুলতলি থানার মৈপিঠ কোস্টাল পুলিশের তৎপরতায় রক্ষা পেলেন এই মৎস্যজীবীরা। নগেনাবাদের এই মৎস্যজীবীরা রবিবার বিকেলে ‘মা মাসুনা’ ট্রলার নিয়ে মাছ ধরতে যান। আচমকা সামুদ্রিক ঝড়ে ট্রলারের তলা ভেঙে গিয়ে বিপদ ঘটে।

যেভাবে শুরু হয়েছিল বিপদ
মৎস্যজীবীরা জানান, জিঞ্জির দ্বীপের কাছে মাছ ধরার সময় হঠাৎ সামুদ্রিক ঝড় ওঠে। ঝড়ের তোড়ে ট্রলারের পাটাতনের বেশ কিছুটা অংশ ভেঙে যায়। হু হু করে জল ঢুকতে শুরু করে ট্রলারে। বাঁচার জন্য তাঁরা সঙ্গে থাকা কাপড় এবং বস্তা দিয়ে ভাঙা অংশটি সারানোর চেষ্টা করেন। একই সময়ে পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও নেটওয়ার্ক সমস্যার কারণে ব্যর্থ হন।

প্রায় কয়েক ঘণ্টা ধরে প্রাণের ঝুঁকি নিয়ে তাঁরা নিজেদের নৌকা নিয়ে আসতে থাকেন। অবশেষে কালিবেরা জঙ্গল সংলগ্ন এলাকায় মোবাইলে টাওয়ার মেলে। তৎক্ষণাৎ তাঁরা পরিবারের সঙ্গে যোগাযোগ করে দুর্ঘটনার খবর জানান। পরিবারের পক্ষ থেকে দ্রুত মৈপিঠ কোস্টাল থানায় খবর দেওয়া হয়।

দেবদূতের মতো হাজির পুলিশ
খবর পাওয়া মাত্রই মৈপিঠ কোস্টাল থানার ওসি শান্তনু বিশ্বাস এবং অন্যান্য পুলিশ কর্মীরা একটি লঞ্চ নিয়ে মৎস্যজীবীদের সন্ধানে বেরিয়ে পড়েন। নির্দিষ্ট স্থানে পৌঁছে তাঁরা ট্রলারটির খোঁজ পান এবং মৎস্যজীবীদের অক্ষত অবস্থায় উদ্ধার করে আনেন। সময় মতো পুলিশ না পৌঁছলে এক বড়সড় দুর্ঘটনা ঘটে যেত বলে জানান ফিরে আসা মৎস্যজীবী মোরসালিম শেখ। গভীর রাতে তাঁরা বাড়িতে ফিরে আসায় পরিবার ও এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এই সাহসিকতার জন্য পুলিশকে ধন্যবাদ জানিয়েছে এলাকাবাসী।