“আপনার সাহসিকতা ভারতের অহিংসার আদর্শ তুলে ধরেছে!” ফ্লাইদুবাইয়ের বীর পাইলট স্মিত মচ্ছারকে কুর্নিশ মোদীর

দুবাই থেকে তেল আভিভগামী ‘ফ্লাইদুবাই’-এর (Fly Dubai) বিমানে ওমানি সহ-পাইলটের অতর্কিত হামলার মুখে পড়েও নজিরবিহীন সাহসিকতায় ১৮২ জন বিমানযাত্রী ও কর্মীর প্রাণ বাঁচালেন ৩৯ বছর বয়সি ভারতীয় ক্যাপ্টেন স্মিত মচ্ছার। রক্তক্ষরণ এবং গুরুতর আঘাতের মধ্যেও ককপিটের দরজা আগলে রেখে নিশ্চিত মৃত্যুর হাত থেকে সকলকে রক্ষা করেন তিনি। সেই মৃত্যুপণ লড়াইয়ের নায়কের সঙ্গে শুক্রবার ভিডিও কলে কথা বলে তাঁর সাহসিকতার ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
গত বুধবার ১৭৪ জন যাত্রী ও ৮ জন বিমানকর্মীকে নিয়ে ওড়ার পর মাঝআকাশে হামলার শিকার হন স্মিত। বিমানটিকে জরুরি অবতরণ করানোর পর বর্তমানে সংযুক্ত আরব আমিরশাহির (UAE) একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। শুক্রবার ভিডিও কলে প্রধানমন্ত্রীর মুখোমুখি হয়ে আবেগ ধরে রাখতে না পেরে প্রধানমন্ত্রীকে নিজের ‘সর্বশ্রেষ্ঠ আদর্শ’ হিসেবে উল্লেখ করেন স্মিত। তিনি জানান, শরীরে একাধিক গভীর ক্ষত তৈরি হলেও তিনি মনে মনে বারবার বলতেন— “এখন উঠে দাঁড়াতেই হবে, ওটা ছিল জীবনের শেষ লড়াই।” তিনি আরও জানান, চরম বিপদের ওই মুহূর্তে তিনি মনে মনে ‘হনুমান চালিসা’ জপ করছিলেন।
পাইলটের এই আত্মত্যাগকে কুর্নিশ জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “গোটা ভারত আপনার আরোগ্যের জন্য প্রার্থনা করছে। আপনি যে সাহসিকতা দেখিয়েছেন, তা বিশ্বমঞ্চে ভারতের অহিংসা ও ত্যাগের আদর্শকে নতুন করে তুলে ধরেছে।” প্রধানমন্ত্রী স্মিতের মায়ের সঙ্গেও টেলিফোনে কথা বলেছেন এবং এক মায়ের সংস্কার কীভাবে এমন বীরত্বকে চালিত করতে পারে, তার প্রশংসা করেছেন। সংকটকালে দ্রুত চিকিৎসা পরিষেবা সুনিশ্চিত করার জন্য সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরশাহি সরকারকে ধন্যবাদ জানানোর পাশাপাশি দেশ তাঁকে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছে বলে বার্তা দিয়েছেন মোদী।