মাঝআকাশে হঠাৎ ধোঁয়া! ১৯৪ জন যাত্রীকে নিয়ে রাজকোটে জরুরি অবতরণ ইন্ডিগো বিমানের, বড়সড় দুর্ঘটনা এড়াল

মাঝআকাশে হঠাৎ করেই বিমানের ভিতর ধোঁয়া ছড়িয়ে পড়ায় মুহূর্তে নেমে আসে চরম আতঙ্ক। বিমানের ভিতর শুরু হয় কান্নাকাটি ও হুলুস্থুল কাণ্ড। ভয়ে একে অপরের সঙ্গে জড়সড় হয়ে পড়েন আতঙ্কিত যাত্রীরা। তবে শেষ পর্যন্ত বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেল ১৯৪ জন যাত্রীকে বহনকারী ইন্ডিগো এয়ারলাইন্সের একটি বিমান। গুজরাটের রাজকোট বিমানবন্দরে তড়িঘড়ি বিমানটির জরুরি অবতরণ (Emergency Landing) করানো হয়।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী, মুম্বই থেকে দুবাইগামী ইন্ডিগোর ৬ই ১৪৫২ (6E 1452) উড়ানটি যখন মাঝআকাশে ছিল, সেই সময় উড়ানকর্মীরা আচমকা বিমানে ধোঁয়া দেখতে পান। চালকেরা বিমানের পণ্য রাখার জায়গা অর্থাৎ কার্গো হোল্ডে (Cargo Hold) ধোঁয়া দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গেই কোনো ঝুঁকি না নিয়ে রাজকোট বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে জরুরি ভিত্তিতে যোগাযোগ করেন।
পরিস্থিতির চরম গুরুত্ব বুঝে রাজকোট বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে তৎক্ষণাৎ সম্পূর্ণ জরুরি অবস্থা (Emergency) জারি করা হয়। এরপর অত্যন্ত দক্ষতার সঙ্গে বিমানটি নিরাপদে মাটিতে নামিয়ে আনা হলে বিমানের ১৯৪ জন যাত্রী ও ক্রু সদস্যরা স্বস্তির নিঃশ্বাস ফেলেন।
রাজকোট বিমানবন্দরের অধিকর্তা দিগন্ত বরা এই বিষয়ে জানান, “কার্গো হোল্ডে ধোঁয়া দেখতে পাওয়া যাওয়ার পরই বিমানটির জরুরি অবতরণ করানো হয়। বিমানটি সম্পূর্ণ নিরাপদে মাটিতে নেমেছে এবং বিমানের সমস্ত যাত্রীই সম্পূর্ণ সুরক্ষিত রয়েছেন।” প্রাথমিক এই আতঙ্কের পর যাত্রীরা নিরাপদে বিমান থেকে নেমে আসায় একটি বড় মাপের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।