মাছ ধরতে গিয়ে ১০ দিন নিখোঁজ, সুন্দরবনের জঙ্গলে জীবিত উদ্ধার গৃহবধূ

মাছ ধরতে গিয়ে ১০ দিন ধরে নিখোঁজ থাকার পর অবশেষে সুন্দরবনের জঙ্গল থেকে জীবিত অবস্থায় উদ্ধার হলেন এক গৃহবধূ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গঙ্গাসাগরের ফুলবাড়ী এলাকায়। ওই গৃহবধূর নাম পূর্ণিমা দোলই (২৫)। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

গত ১ সেপ্টেম্বর থেকে নিখোঁজ ছিলেন পূর্ণিমা। তিনি নদীর চরে মাছ ধরতে গিয়েছিলেন বলে জানা যায়। এরপর থেকেই তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও ব্যর্থ হন। অবশেষে, আজ সকালে গঙ্গাসাগরের কশতলা এলাকার নদীর চরের জঙ্গল থেকে তাকে উদ্ধার করা হয়।

মৎস্যজীবীদের তৎপরতায় উদ্ধার
পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকালে দুজন মৎস্যজীবী ওই জঙ্গলে মাছ ধরতে গিয়েছিলেন। তখনই তারা পূর্ণিমাকে জঙ্গলের মধ্যে পড়ে থাকতে দেখেন। তারা কালক্ষেপ না করে সঙ্গে সঙ্গে সাগর থানায় খবর দেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই গৃহবধূকে উদ্ধার করে রুদ্রনগর গ্রামীণ হাসপাতালে ভর্তি করে।

পূর্ণিমার পরিবার ও স্থানীয় মানুষেরা এই খবরে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। তবে ১০ দিন ধরে তিনি কিভাবে জঙ্গলে ছিলেন এবং তার সঙ্গে কি ঘটেছিল, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ জানিয়েছে, পূর্ণিমা সুস্থ হয়ে উঠলে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং ঘটনার বিষয়ে বিস্তারিত জানা যাবে। পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।