মহুয়াকে ‘পাপ’ বলে আক্রমণ! নবদ্বীপে শুভেন্দুর ‘ডায়মন্ড হারবার মডেল’ হুঁশিয়ারি, তোলপাড় রাজ্য-রাজনীতি

নবদ্বীপের বড়ালঘাটে এসে তৃণমূল কংগ্রেস এবং কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রকে তীব্র আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সম্প্রতি নদীয়ায় বিজেপি কর্মী খুন প্রসঙ্গে তৃণমূলকে দুষে তিনি মহুয়াকে ‘পাপ’ বলে কটাক্ষ করেন।
এদিন শুভেন্দু বলেন, “কৃষ্ণনগরের মতো জায়গায় একজন নির্দল প্রার্থীকে ভোট দিয়ে আপনারা পাপ করেছেন, মহুয়ার মতো পাপের মা-বাপ কেউ না। যে পাপ এখানে রয়েছে, তার থেকে আপনারা মুক্তি পেতে পারবেন না।” এরপরই তিনি বলেন, “যদি আপনারা চান এই এলাকার উন্নতি হোক, তাহলে বিজেপিকে ভোট দিয়ে এখানে পদ্ম ফোটাতে হবে।”
বিজেপি কর্মীর মৃত্যু প্রসঙ্গে শুভেন্দু অধিকারী তৃণমূলকে আক্রমণ করে বলেন, “এই খুনোখুনির রাজনীতি তৃণমূলের পুরনো মডেল। পঞ্চায়েত নির্বাচনেও এই একই মডেল দেখা গিয়েছিল।” একইসঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “এই ‘ডায়মন্ড হারবার মডেল’ কৃষ্ণনগরে চলতে দেব না, কারণ এটা মথুরা নয়, এটা নবদ্বীপ।”