মহিলাদের জন্য ইনফোসিসের বিরাট পদক্ষেপ! ৫০ হাজার টাকা পুরস্কারের সুযোগ

বিশ্বের অন্যতম বৃহৎ তথ্য-প্রযুক্তি সংস্থা ইনফোসিস (Infosys) মহিলাদের কর্মজীবনে প্রত্যাবর্তনের জন্য একটি বড় পদক্ষেপ নিয়েছে। যে সকল মহিলা বিভিন্ন কারণে তাঁদের কর্মজীবন থেকে বিরতি নিয়েছিলেন, তাঁদের আবার পেশাদার জীবনে ফিরিয়ে আনার উদ্দেশ্যে ইনফোসিস একটি বিশেষ প্রোগ্রাম চালু করেছে, যার নাম ‘রিস্টার্ট উইথ ইনফোসিস’।

এই উদ্যোগটি কেবল কর্মপ্রত্যাশী মহিলাদের জন্যই নয়, ইনফোসিসের বর্তমান কর্মীদের জন্যও একটি দারুণ সুযোগ। কারণ, যদি কোনো কর্মী একজন উপযুক্ত মহিলা প্রার্থীকে রেফার করেন এবং তাঁর নিয়োগ নিশ্চিত হয়, তাহলে সেই কর্মী ৫০ হাজার টাকা পর্যন্ত পুরস্কার পেতে পারেন।

এই প্রোগ্রামের অধীনে আবেদন করার জন্য একজন মহিলার কমপক্ষে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং তাঁর কর্মজীবনের বিরতি ৬ মাস বা তার বেশি হতে হবে। বর্তমানে ডেভলপার, টেক লিড, ম্যানেজার-সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হচ্ছে।

ইনফোসিস তাদের কর্মীদের কাছে ইমেলের মাধ্যমে এই রেফারেল প্রোগ্রামের বিস্তারিত তথ্য পাঠিয়েছে। রেফার করা প্রার্থীর পদমর্যাদা (জব লেভেল) অনুসারে পুরস্কারের পরিমাণ নির্ধারিত হবে:

জব লেভেল-৩: ১০,০০০ টাকা

জব লেভেল-৪: ২৫,০০০ টাকা

জব লেভেল-৫: ৩৫,০০০ টাকা

জব লেভেল-৬: ৫০,০০০ টাকা

ইনফোসিস জানিয়েছে, এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য হলো যে সকল মহিলা কর্মজীবনের বিরতি নিয়েছিলেন, তাঁদের দক্ষতা বৃদ্ধি এবং আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে সহায়তা করা। ‘ESC ভিশন ২০৩০’-এর অংশ হিসেবে ইনফোসিসের লক্ষ্য হলো ২০৩০ সালের মধ্যে তাদের মোট কর্মীর ৪৫% মহিলা কর্মী নিশ্চিত করা। বর্তমানে, ইনফোসিসের বিশ্বব্যাপী ৩ লক্ষ ২৩ হাজার কর্মীর মধ্যে ৩৯% মহিলা। এই নতুন উদ্যোগ সেই লক্ষ্য পূরণের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।