মহালয়ার ভোরে স্টার জলসায় অসুর বধ করবেন শুভশ্রী! দেবীর বিভিন্ন রূপে আর কোন জনপ্রিয় নায়িকাদের দেখা যাবে?

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর কাউন্টডাউন শুরু হয়ে গেছে। আর মহালয়ার ভোর মানেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের চণ্ডীপাঠের পাশাপাশি ছোটপর্দায় মহিষাসুরমর্দিনীর রূপ দেখতে টিভির সামনে বাঙালি দর্শকের দীর্ঘ অপেক্ষা। কোন চ্যানেলে দেবীর কোন রূপ ফুটিয়ে তোলা হবে এবং কে হবেন দুর্গা—তা নিয়ে প্রতিবারই জল্পনার অন্ত থাকে না। এবার স্টার জলসার মহালয়ার প্রভাতী অনুষ্ঠান নিয়ে প্রকাশ্যে এল বড় আপডেট। পূর্ব ঘোষণা অনুযায়ী, স্টার জলসার পর্দায় দেবী দুর্গার মহিষাসুরমর্দিনী অবতারে ধরা দিতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। আর তাঁর বিপরীতে মহাদেব তথা শিবের ভূমিকায় দেখা যাবে অভিনেতা রণজয় বিষ্ণুকে।

স্টার জলসার এবারের মহালয়ার এই বিশেষ অনুষ্ঠানটির নাম রাখা হয়েছে ‘রূপে রূপান্তরে মহিষাসুরমর্দিনী’। ইতিমধ্যেই চ্যানেলের তরফে অনুষ্ঠানের ঝলক প্রকাশ্যে আসতেই তা নিয়ে অনুরাগীদের মধ্যে উত্তেজনার পারদ চড়েছে। শুধু শুভশ্রী একা নন, তাঁর পাশাপাশি চ্যানেলের বিভিন্ন জনপ্রিয় ধারাবাহিকের নায়িকাদের দেবীর বিভিন্ন রূপের নানা অবতারে দেখা যাবে।

সামনে আসা তথ্য অনুযায়ী, দেবী কমলার বেশে দর্শকদের মন জয় করতে আসছেন ‘গঙ্গা’ খ্যাত অভিনেত্রী হিয়া মুখার্জি। অন্যদিকে, ‘সংসারের সংকীর্তন’ ধারাবাহিকের নায়িকা মানালি মনীষা দে-কে দেখা যাবে দেবী ভ্রামরী রূপে। পাশাপাশি, ‘বাবলি সুন্দরী’ খ্যাত স্নেহা গুড়িয়াকে একদম অন্য মেজাজে দেবী কালীর রূপে দেখতে পাবেন দর্শকরা। এছাড়া ‘পরশুরাম আজকের নায়ক’ ধারাবাহিকের জনপ্রিয় মুখ তটিনী সহ আরও বেশ কয়েকজন পরিচিত অভিনেত্রীকে দেবীর বিভিন্ন ভিন্ন রূপে ক্যামেরার সামনে হাজির করা হবে। সব মিলিয়ে মহালয়ার ভোরে ছোটপর্দায় জমজমাট এক মহাযজ্ঞ দেখার অপেক্ষায় এখন থেকেই দিন গুনছেন দর্শকরা।

Pratik Saha
  • Pratik Saha