মর্মান্তিক! ম্যাটাডোরের ধাক্কায় প্রাণ গেল এক পুলিশ কনস্টেবলের, আহত আরও দুই

উলুবেড়িয়ার বাগনান থানার বরুন্দা এলাকায় ১৬ নম্বর জাতীয় সড়কে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। তার নাম রামপদ মণ্ডল (৫৬)। শুক্রবার বিকেলে টহলরত পুলিশের গাড়িতে একটি দ্রুতগামী ম্যাটাডোরের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল সাড়ে ৩টা নাগাদ বাগনান থানার একটি টহলরত পুলিশ ভ্যান জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। কনস্টেবল রামপদ মণ্ডল গাড়ির বাইরে দাঁড়িয়েছিলেন। সেই সময় কলকাতার দিক থেকে আসা একটি দ্রুতগামী ম্যাটাডোর নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি পুলিশের গাড়িতে ধাক্কা মারে। ধাক্কার সজোরে রামপদ ম্যাটাডোরের নিচে চাপা পড়েন। এরপর ম্যাটাডোরটি আরও কিছুটা এগিয়ে গিয়ে একটি গাছে ধাক্কা মারে।
গুরুতর আহত অবস্থায় রামপদ মণ্ডলকে উদ্ধার করে দ্রুত বাগনান গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় গাড়ির ভেতরে থাকা সাব-ইন্সপেক্টর নিত্যানন্দ মালিক এবং কনস্টেবল শ্যামসুন্দর বাগও আহত হয়েছেন। তবে তাদের আঘাত গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।
মৃত কনস্টেবলের বাড়ি পশ্চিম মেদিনীপুরের ডেবরায়। তার দেহ ময়নাতদন্তের জন্য উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সুপার সুবিমল পাল জানিয়েছেন, ম্যাটাডোরটিকে আটক করা হলেও তার চালক পলাতক। পুলিশ চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে।