মন্দিরবাজারে ভয়ানক ঘটনার শিকার মা ও দুই মেয়ে! মাটির দেওয়াল চাপা পড়ে মৃত্যু ৩ জনের
September 5, 2025

মর্মান্তিক এক দুর্ঘটনায় মাটির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হলো এক মহিলা ও তাঁর দুই মেয়ের। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজার থানার কামারপাড়া এলাকায়। মৃতরা হলেন বৃহস্পতি কর্মকার (৪৩), তাঁর মেয়ে শিলা কর্মকার (১৫) এবং প্রিয়া কর্মকার (১০)।
ভোররাতে মর্মান্তিক দুর্ঘটনা
জানা গেছে, বৃহস্পতিবার রাতে খাওয়া-দাওয়া সেরে মাটির বাড়ির ঘরে ঘুমিয়েছিলেন তিনজন। ভোররাতে হঠাৎ করেই তাঁদের ঘরের মাটির দেওয়াল ভেঙে পড়ে। স্থানীয়রা শব্দ পেলেও প্রথমে ঠিক কী ঘটেছে, তা বুঝতে পারেননি। সকালে বাড়ি চাপা পড়া অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা তাঁদের দ্রুত উদ্ধার করে নাইয়ারহাট হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।
এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার তদন্তে নেমেছে মন্দিরবাজার থানার পুলিশ।