মধ্যরাতে ভয়াবহ দুর্ঘটনা! ভিড়ে ঠাসা মেলায় ঢুকে পড়ল বেকাবু গাড়ি, মৃত ২, আহত ১১

দেবীপক্ষের সূচনায় মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হলো পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া। গতকাল মধ্যরাতে বিশ্বকর্মা পুজো উপলক্ষে আয়োজিত একটি মেলার ভিড়ে বেপরোয়া গতিতে ছুটে আসা একটি ট্রেলার ঢুকে পড়লে ২ জন নিহত এবং ১১ জন আহত হন। এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে।

যেভাবে ঘটলো দুর্ঘটনা
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে পাঁশকুড়ার মেচোগ্রাম মোড়ের কাছে ১৬ নম্বর জাতীয় সড়কের পাশে মেলা চলছিল। সেই সময় একটি ছোট বাস (ট্রাভেলার) দাঁড়িয়ে ছিল। পেছন থেকে একটি দ্রুতগতির ট্রেলার এসে বাসটিকে সজোরে ধাক্কা মারে। ধাক্কার ফলে বাসটি উল্টে যায় এবং ট্রেলারটি নিয়ন্ত্রণ হারিয়ে সোজা মেলার ভিড়ের মধ্যে ঢুকে পড়ে।

দুর্ঘটনার সময় প্রচুর মানুষ মেলায় ভিড় করে ছিলেন। ট্রেলারের ধাক্কায় ঘটনাস্থলেই দুজন নিহত হন। তাঁদের মধ্যে একজন হলেন বিশ্বকর্মা পুজো কমিটির সম্পাদক বিজয় বেরা এবং অপরজন হাওড়ার শ্যামপুর থেকে মেলা দেখতে আসা রিয়া জানা। আহত ১১ জনকে স্থানীয় হাসপাতাল ও তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের কলকাতায় স্থানান্তর করা হয়েছে। এই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে।