মধ্যপ্রদেশে ২২ শিশুর মৃত্যু! বিষাক্ত কাশির সিরাপ প্রস্তুতকারক সংস্থার উৎপাদন লাইসেন্স বাতিল করল তামিলনাড়ু সরকার

বিতর্কিত ‘কোল্ডরিফ’ কাশির সিরাপ প্রস্তুতকারক সংস্থা স্রেসান ফার্মাসিউটিক্যাল কোম্পানির (Sresan Pharmaceutical Company) উৎপাদন লাইসেন্স বাতিল করার কথা সোমবার ঘোষণা করেছে তামিলনাড়ু ড্রাগস কন্ট্রোল ডিপার্টমেন্ট। এই কাশির সিরাপ সেবন করে মধ্যপ্রদেশে কমপক্ষে ২২ জনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।
রাজ্যের স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, তাদের কাশির সিরাপ কোল্ডরিফে বিষাক্ত দূষক, বিশেষ করে ডাইথিলিন গ্লাইকল (DEG) পাওয়া যাওয়ার পর কোম্পানিটিকে আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়াও, দপ্তরটি তামিলনাড়ুর সমস্ত ওষুধ উৎপাদনকারী ইউনিটগুলিতে ব্যাপক পরিদর্শনের নির্দেশ দিয়েছে।
কোম্পানির মালিক গ্রেপ্তার, কর্মকর্তাদের সাসপেনশন
এই ঘটনায় গত ৯ অক্টোবর চেন্নাই থেকে স্রেসান ফার্মার মালিক রঙ্গনাথনকে মধ্যপ্রদেশের স্পেশাল ইনভেস্টিগেশন টিম (SIT)-এর হাতে গ্রেপ্তার করা হয়। আদালত তাঁকে ১০ দিনের পুলিশি হেফাজতে পাঠিয়েছে।
এদিকে, কর্তব্যে গাফিলতির জন্য তামিলনাড়ুর দুজন সিনিয়র ড্রাগ ইন্সপেক্টরকেও সাসপেন্ড করা হয়েছে।
তামিলনাড়ু সরকারের বিরুদ্ধে বিজেপির তোপ
এই মামলা সামলানোর জন্য তামিলনাড়ু সরকারের তীব্র সমালোচনা করেছেন বিজেপি নেতা কে আন্নামালাই। তিনি অভিযোগ করেন, “কাঞ্চিপুরমের একটি বেসরকারি ওষুধ কোম্পানির তৈরি একটি ওষুধের কারণে মধ্যপ্রদেশে ২৩ জন এবং রাজস্থানে তিন শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।”
তিনি বলেন, রাজ্য সরকার মাত্র দুজন ড্রাগ ইন্সপেক্টরকে সাসপেন্ড করেছে এবং এমন একটা “বিভ্রান্তি” তৈরি করার চেষ্টা করছে যে এই বিষয়ে তাদের কোনো সংযোগ বা দায়িত্ব নেই। আন্নামালাই আরও উল্লেখ করেন, এই কোম্পানির গুণমান লঙ্ঘনের ইতিহাস রয়েছে, অথচ ড্রাগ ইন্সপেক্টররা কোনো পরিদর্শন করেননি।
এদিকে, ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (DCGI) সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে নির্দেশিকা জারি করে কাঁচামাল এবং তৈরি ওষুধের বাধ্যতামূলক পরীক্ষার জন্য ড্রাগস অ্যান্ড কসমেটিকস রুলস, ১৯৪৫ কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে। DCGI সম্প্রতি সিদ্ধান্ত নিয়েছে যে ভারতে উৎপাদিত প্রতিটি ওষুধ অনুমোদনের আগে বাধ্যতামূলক পরীক্ষা করাতে হবে।