মদ্যপানের পরই অচৈতন্য অবস্থায় উদ্ধার, ডায়মন্ড হারবারে মর্মান্তিক ঘটনা, খামার থেকে নমুনা সংগ্রহ পুলিশের

পুজোর মুখে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার থানার বারদ্রোণ এলাকায় জোড়া অস্বাভাবিক মৃত্যু ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত দুই ব্যক্তির নাম ঠাকুরদাস কামার ও সাধন মিস্ত্রি। তাঁদের অচৈতন্য অবস্থায় উদ্ধার করে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে, কর্তব্যরত চিকিৎসকরা দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন।
ফর্মালিন খেয়ে মৃত্যুর প্রাথমিক অনুমান
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, এটি একটি মর্মান্তিক দুর্ঘটনা। পুলিশের দাবি, মৃত ঠাকুরদাস কামারের ছেলের খামারের পাশে বসে দু’জন মদ্যপান করছিলেন। সেই সময় জল ভেবে মদের সঙ্গে ফর্মালিন মিশিয়ে খেয়ে ফেলায় তাঁদের মৃত্যু হয়।
তবে এই ঘটনা নিছক দুর্ঘটনা নাকি এর পিছনে অন্য কোনও কারণ আছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই খামার থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে এবং পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর আসল কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।