ভোটের মুখে ধুন্ধুমার কাণ্ড! রেলে ৩৬ লক্ষের গাঁজা উদ্ধার, RPF-এর জালে বিশাল মাদক চক্র?

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই রাজ্যজুড়ে কড়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। আদর্শ আচরণবিধি (MCC) জারি হওয়ার পর থেকেই রেল সুরক্ষা বাহিনী (RPF) তাদের নজরদারি কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। এই তৎপরতার ফলেই রেল নেটওয়ার্ক ব্যবহার করে মাদক পাচারের এক বড়সড় ছক বানচাল করল আরপিএফ। গত কয়েকদিনের অভিযানে উদ্ধার হয়েছে প্রায় ৭৩ কেজিরও বেশি গাঁজা, যার বাজারমূল্য ৩৬ লক্ষ টাকারও বেশি।

উত্তরবঙ্গের নিউ জলপাইগুড়ি (NJP) স্টেশনে ধারাবাহিক তল্লাশি চালানোর সময় আরপিএফ দুটি পৃথক ঘটনায় দাবিহীন অবস্থায় বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে। প্রথম অভিযানে ১৮ কেজি (মূল্য প্রায় ৯ লক্ষ টাকা) এবং দ্বিতীয় অভিযানে ১৩.৮ কেজি (মূল্য প্রায় ৬.৯০ লক্ষ টাকা) গাঁজা বাজেয়াপ্ত করা হয়। অন্যদিকে, দক্ষিণবঙ্গের সাঁতরাগাছি স্টেশনেও মিলেছে বড় সাফল্য। সেখানে একটি সমন্বিত অভিযানে আরপিএফ কর্মীরা ৪১.৮২ কেজি গাঁজা উদ্ধার করেছেন, যার আনুমানিক বাজারমূল্য ২০.৯১ লক্ষ টাকা।

নির্বাচন চলাকালীন রাজ্যের আইন-শৃঙ্খলার অবনতি ঘটাতে বা ভোটারদের প্রভাবিত করতে মাদক পাচারের এই চেষ্টা কি না, তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা। উদ্ধার হওয়া সমস্ত নিষিদ্ধ সামগ্রী ইতিমধ্য়েই পরবর্তী আইনি পদক্ষেপের জন্য আবগারি ও সংশ্লিষ্ট দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে। আরপিএফ-এর পক্ষ থেকে জানানো হয়েছে, ভোট মেটা পর্যন্ত এই কড়া নজরদারি ও ‘অপারেশন নারকোস’ জারি থাকবে। রেলপথে অপরাধীদের কোনোভাবেই রেয়াত করা হবে না বলে কড়া বার্তা দেওয়া হয়েছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy