ভোটের মাঝেই বেকারদের জন্য ধামাকা! যুবসাথীর ১৫০০ টাকা নিয়ে বড় ঘোষণা নবান্নর!

রাজ্যে এখন উৎসবের মেজাজ, তবে তা গণতন্ত্রের উৎসব। গতকালই সম্পন্ন হয়েছে প্রথম দফার ভোটগ্রহণ। নির্বাচন কমিশন সূত্রে খবর, ১৬টি জেলার ১৫২টি আসনে কড়া নিরাপত্তায় চলেছে ভোটদান প্রক্রিয়া। মোট ৪৪ হাজার ৩৭৬টি বুথে ১,৪৭৮ জন প্রার্থী নিজেদের ভাগ্য পরীক্ষায় নেমেছেন, যার মধ্যে ১৬৭ জন মহিলা প্রার্থী। আগামী ২৯ তারিখ দ্বিতীয় দফার ভোট হতে চলেছে দক্ষিণবঙ্গে। সাতটি জেলার মোট আটটি নির্বাচনী জেলায় (কলকাতাকে দুটি ভাগে ভাগ করে) এই ভোটগ্রহণ হবে।
তবে ভোটরঙের মাঝেই এখন লাইমলাইটে রাজ্য সরকারের জনপ্রিয় ‘যুবসাথী’ প্রকল্প। ২১ থেকে ৪০ বছর বয়সী রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য এই প্রকল্পে প্রতি মাসে ১৫০০ টাকা করে আর্থিক সাহায্য দেয় সরকার। মার্চ মাসের ভাতা ইতিমধ্যেই উপভোক্তাদের অ্যাকাউন্টে পৌঁছাতে শুরু করেছে। কিন্তু অনেক আবেদনকারীই অভিযোগ করছেন যে, নাম নথিভুক্ত থাকা সত্ত্বেও তাঁদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে না।
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, এপ্রিল মাসের টাকা ছাড়ার প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। কিন্তু কিছু যান্ত্রিক ও তথ্যগত সমস্যার কারণে অনেকেই টাকা পাননি। মূলত সরকারি পোর্টাল WBIFMS-এ অনেক ক্ষেত্রে ভুল তথ্য দেখাচ্ছে। কারও ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর ভুল, তো কারও আবার আইএফএসসি (IFSC) কোডে সমস্যা রয়েছে। এই ছোটখাটো ভুলের জেরেই আটকে যাচ্ছে বহু বেকার যুবক-যুবতীর প্রাপ্য টাকা।
এই সমস্যা মেটাতে এবং স্বচ্ছতা আনতে এবার বড় পদক্ষেপ নিল সরকার। চালু করা হয়েছে একটি নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ হেল্পলাইন নম্বর: ৬২৯২২৪৮৮। এখন থেকে আর সরকারি দফতরে দৌড়াদৌড়ি করার প্রয়োজন নেই। বাড়িতে বসেই এই নম্বরে একটি মেসেজ পাঠালে নিজের আবেদনের বর্তমান স্টেটাস বা টাকা না ঢোকার সঠিক কারণ জেনে নেওয়া যাবে।
ছুটির দিন বাদে প্রতিদিন সকাল ১০.৩০ মিনিট থেকে বিকেল ৫.৩০ মিনিট পর্যন্ত এই ডিজিটাল হেল্প ডেস্ক সক্রিয় থাকবে। এর পাশাপাশি নির্দিষ্ট ইমেইল আইডির মাধ্যমেও অভিযোগ জানানো যাবে। যারা এখনও টাকা পাননি, তাঁদের দ্রুত নিজের নথি যাচাই করে এই হেল্পলাইন নম্বরে যোগাযোগ করার পরামর্শ দিচ্ছে প্রশাসন।