ভোটের আগে উত্তপ্ত ভাঙড়! তৃণমূল বিধায়ক শওকত মোল্লার বিরুদ্ধে মানহানির মামলা করলেন নওশাদ সিদ্দিকি

দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের রাজনীতিতে এখন আলোচনার কেন্দ্রে রয়েছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। এবার তিনি তৃণমূল বিধায়ক শওকত মোল্লার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন। সোমবার সকালে ব্যাঙ্কশাল আদালতে এই মামলাটি রুজু করা হয়।
নওশাদ সিদ্দিকী জানিয়েছেন যে, শওকত মোল্লা প্রকাশ্যে অভিযোগ করেছেন যে তিনি নাকি বিজেপির কাছ থেকে ৩০ কোটি টাকা নিয়েছেন। এই মন্তব্যের মাধ্যমে তার সম্মানহানি করা হচ্ছে বলে নওশাদ দাবি করেছেন। তিনি বলেন, “শওকত মোল্লা আমার নামে মিথ্যাচার করছেন। আমি ওনার ভাষায় উত্তর দিতে পারি না, তাই আইনি ভাষায় উত্তর দিচ্ছি। আইনের মাধ্যমে আমি শওকত সাহেবের কাছে জানতে চাইছি, কবে, কোথায়, কার মাধ্যমে আমি এই টাকা নিয়েছি।” তিনি আরও বলেন, তিনি যেহেতু রাজনৈতিকভাবে তাদের মোকাবিলা করছেন, তাই তাকে সামাজিকভাবে অপদস্ত করার চেষ্টা করা হচ্ছে।
নওশাদ সিদ্দিকী বলেন যে, বিজেপির ৭৭ জন বিধায়ক থাকলেও তৃণমূল তাদের নিয়ে তেমন কোনো সমস্যা করে না। কিন্তু আইএসএফ-এর একজন বিধায়ককেই কেন টার্গেট করা হচ্ছে? এর কারণ হিসেবে তিনি বলেন, “আসলে আইএসএফের একজন বিধায়কই বুঝিয়ে দিচ্ছে, বিজেপি-তৃণমূলের সমঝোতাটা কোথায়। আমাকে প্রথমে দলে যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। আমি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করি, এরপর আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়। ৪২ দিন জেলও খেটেছি।” তিনি আরও অভিযোগ করেন যে, যখন তাকে কোনোভাবেই বাগে আনা যাচ্ছে না, তখন সামাজিক মাধ্যম ব্যবহার করে তার মান-সম্মান খারাপ করার চেষ্টা করা হচ্ছে।
নওশাদ সিদ্দিকী আরও একটি বিস্ফোরক দাবি করেছেন। তিনি বলেন, বিধানসভায় দাঁড়িয়ে শওকত মোল্লা তাকে তৃণমূলে যোগ দেওয়ার প্রস্তাব দিয়েছেন। শুধু তাই নয়, তাকে মন্ত্রিত্ব দেওয়ারও প্রস্তাব করা হয়েছে।