ভেনেজুয়েলার পর এবার গ্রিনল্যান্ডে নজর ট্রাম্পের! মার্কিন প্রেসিডেন্টের মন্তব্যে বিশ্বজুড়ে রণদামামা

ভেনেজুয়েলা অভিযানে অভাবনীয় সাফল্যের পর এবার বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ডের দিকে হাত বাড়াতে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত ৪ জানুয়ারি ‘এয়ারফোর্স ওয়ান’-এ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ট্রাম্প স্পষ্ট জানান, গ্রিনল্যান্ড আমেরিকার জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর দাবি, জাতীয় নিরাপত্তার স্বার্থেই এই দ্বীপের নিয়ন্ত্রণ ওয়াশিংটনের হাতে থাকা উচিত, কারণ সেখানে রাশিয়া ও চিনের জাহাজ ঘোরাফেরা করছে।
ট্রাম্পের এই মন্তব্যের পরেই নজিরবিহীনভাবে একজোট হয়েছে ইউরোপের শক্তিধর দেশগুলি। ফ্রান্স, জার্মানি, ইতালি, ব্রিটেন এবং খোদ গ্রিনল্যান্ডের মালিকানা থাকা দেশ ডেনমার্কের রাষ্ট্রপ্রধানরা একটি যৌথ বিবৃতি জারি করে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তাঁদের সাফ কথা, “গ্রিনল্যান্ড ডেনমার্ক ও ওখানকার মানুষের। এর ভাগ্য নির্ধারণ করার অধিকার শুধুমাত্র তাদেরই রয়েছে।”
ইউরোপীয় রাষ্ট্রনেতাদের মতে, ডেনমার্কের ওপর কোনো আগ্রাসন চালানো হলে তা উত্তর আটলান্টিক সামরিক জোট বা নেটো (NATO)-র অবসান ঘটাতে পারে। ডেনমার্ক হুঁশিয়ারি দিয়েছে যে, গ্রিনল্যান্ড কব্জা করার চেষ্টা দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী বিশ্ব নিরাপত্তা ব্যবস্থাকে তছনছ করে দেবে। সুমেরু অঞ্চলে নিজেদের বিনিয়োগ ও উপস্থিতি বৃদ্ধি করে ট্রাম্পের এই আগ্রাসী মনোভাব প্রতিহত করতে বদ্ধপরিকর ইউরোপীয় মিত্ররা।