ভিনরাজ্যে পাড়ি নয় আর! জঙ্গলমহলে পরিবেশবান্ধব শিল্প গড়ার বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর

জঙ্গলমহলের উন্নয়ন এবং বেকার যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করতে বড় পদক্ষেপ করল রাজ্য সরকার। ভিনরাজ্যে কাজের খোঁজে যুবকদের পাড়ি দেওয়া ঠেকাতে বাঁকুড়া এবং পুরুলিয়ায় পরিবেশবান্ধব শিল্প গড়ার জোরালো ডাক দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
বৃহস্পতিবার বাঁকুড়ার রাইপুরে বিরসা মুণ্ডা মেমোরিয়াল কলেজের মাঠে আয়োজিত আদিবাসী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ‘বাঁদনা পরব’-এর অনুষ্ঠানে যোগ দিয়ে এই গুরুত্বপূর্ণ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট জানিয়ে দেন, শিল্পের নামে জঙ্গলমহলের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হতে দেওয়া হবে না।
প্রকৃতি ও পরিবেশ রক্ষায় জোর
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী পরিবেশের ভারসাম্য বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব দেন। তিনি স্পষ্ট ভাষায় জানান, এলাকার পাহাড় বা জঙ্গলে কোনও আঘাত হানতে দেওয়া হবে না। নদী, জল ও জঙ্গল রক্ষা করার গুরুদায়িত্ব সরকারের রয়েছে উল্লেখ করে তিনি বলেন, “প্রকৃতি আমাদের মা, প্রকৃতিকে আমরা পুজো করি।”
জমিদাতাদের জন্য বড় ঘোষণা ও বালি খাদান নিয়ে কড়াকড়ি
পুরুলিয়া ও বাঁকুড়ায় শিল্পায়ন প্রক্রিয়া কীভাবে এগোবে, তার রূপরেখাও স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী। তিনি ঘোষণা করেন, যাঁরা স্বেচ্ছায় নিজেদের জমি শিল্প গড়ার জন্য দিতে চান, সরকার তাঁদের কাছ থেকেই জমি কিনবে। এরপর সেই জমিতে প্রয়োজনীয় পরিকাঠামোগত উন্নয়ন করে তা শিল্পের উপযোগী করে তোলা হবে। মূলত জঙ্গলমহলের ছেলেমেয়েদের ঘরের কাছেই কাজের সুযোগ তৈরি করাই এই পরিকল্পনার মূল লক্ষ্য।
পাশাপাশি, জঙ্গলমহলে চলমান অবৈধ বালি খাদানের বিরুদ্ধেও এদিন কড়া হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, কোনওভাবেই অবৈধ খাদান চলতে দেওয়া হবে না। একই সঙ্গে বালির দাম যাতে সাধারণ মানুষের নাগালের বাইরে না চলে যায়, তার জন্য সমস্ত খাদানকে নির্দিষ্ট নিয়মের আওতায় আনার কঠোর উদ্যোগ নেওয়া হচ্ছে।