কাশ্মীরে রক্তপাতের হুমকি! সিআরপিএফের ওপর হামলার দায় নিল নতুন জঙ্গি সংগঠন

জম্মু ও কাশ্মীরের কুলগামে সিআরপিএফ জওয়ানদের উপর সম্প্রতি সংঘটিত হামলার ঘটনায় নতুন করে তীব্র উদ্বেগ ছড়িয়েছে নিরাপত্তা মহলে। এই হামলার দায় স্বীকার করেছে ‘পাসদরান-ই-হুরিয়ত কাশ্মীর’ (Pasdaran-e-Hurriyat Kashmir) নামক একটি নতুন জঙ্গি সংগঠন। সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, কাশ্মীর উপত্যকায় সংঘটিত কোনও নাশকতামূলক কার্যকলাপে এই প্রথমবার এই সংগঠনটির নাম প্রকাশ্যে এল।
কুলগামে হামলার নেপথ্য কাহিনী
জানা গিয়েছে, কুলগাম জেলার মীর বাজার সংলগ্ন এলাকায় সিআরপিএফ জওয়ানদের লক্ষ্য করে অতর্কিত হামলা চালায় দুষ্কৃতীরা। গত ১১ নভেম্বর একটি বিবৃতি জারি করে এই হামলার দায় স্বীকার করে ওই জঙ্গি গোষ্ঠী। প্রকাশিত বিবৃতিতে স্পষ্টভাবে দাবি করা হয়েছে যে, উক্ত জওয়ানদের উপর চালানো ওই হামলার নেপথ্যেই রয়েছে তারা।
ভারত ও RSS-কে সরাসরি হুমকি
ওই বিবৃতিতে ভারতের বিরুদ্ধে জম্মু-কাশ্মীর জবরদখল করে রাখার পুরোনো ও ভিত্তিহীন অভিযোগ তোলা হয়েছে। উপত্যকায় বর্তমানে যে শান্ত পরিবেশ বিরাজ করছে, তাকে ‘কৃত্রিম শান্তি’ হিসেবে দেগে দিয়ে সরাসরি ভারত সরকারকে ‘হিন্দুত্ব রেজিম’ বলে আক্রমণ শাণিয়েছে সংগঠনটি। শুধু তাই নয়, আগামী দিনে ভারত সরকার এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (RSS) উপর আরও বড় ও ধ্বংসাত্মক আঘাত হানার প্রকাশ্যে হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। এই বিবৃতির নিচে সংগঠনের মুখপাত্র হিসেবে ‘মহম্মদ ওমর আজ়ম’ নামের এক ব্যক্তির উল্লেখ পাওয়া গিয়েছে।
প্রশাসনের অন্দরে ধোঁয়াশা ও নজরদারি
এদিকে, এই নতুন সংগঠনটির আত্মপ্রকাশকে কেন্দ্র করে গোয়েন্দা ও নিরাপত্তা মহলে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। সংগঠনটির সঠিক শেকড় কোথায়, এর পেছনের মাথা কারা এবং অন্য কোনও পুরনো জঙ্গিগোষ্ঠীর সঙ্গে এদের প্রত্যক্ষ বা পরোক্ষ যোগাযোগ রয়েছে কি না, তা নিয়ে এখনও স্পষ্ট তথ্য মেলেনি। পাশাপাশি, বিবৃত্তিতে নাম থাকা তথাকথিত মুখপাত্র মহম্মদ ওমর আজ়মের আসল পরিচয় নিয়েও রয়েছে গভীর ধোঁয়াশা।
কাশ্মীরের মাটিতে এই নতুন সংগঠনের নাম সামনে আসায় নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলি নিজেদের নজরদারি বহুগুণ বাড়িয়ে দিয়েছে। যদিও এই দাবির সত্যতা এবং তাদের সাংগঠনিক অস্তিত্ব কতখানি পোক্ত, তা খতিয়ে দেখতে শুরু করেছেন তদন্তকারীরা।