ভারত বনাম বাংলাদেশ সংঘাত চরমে! বুধবারের মধ্যে চরম সিদ্ধান্ত না নিলে…….?

২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগেই বিশ্ব ক্রিকেটে বড়সড় ডামাডোল। ভারতে অনুষ্ঠিতব্য এই মেগা টুর্নামেন্টে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। বিসিবির (BCB) একের পর এক টালবাহানায় ক্ষুব্ধ আইসিসি (ICC) এবার কড়া পদক্ষেপ নিয়েছে। বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা স্পষ্ট জানিয়ে দিয়েছে, বাংলাদেশ যদি ভারতে এসে খেলতে রাজি না হয়, তবে তাদের বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা হবে। আগামী বুধবারের মধ্যে বিসিবি-কে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

ঘটনার সূত্রপাত ভারত ও বাংলাদেশের ক্রিকেটীয় সম্পর্কের টানাপড়েন থেকে। সম্প্রতি বিসিসিআই কেকেআর দল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার নির্দেশ দেওয়ার পর থেকেই বিসিবি হার্ডলাইনে যায়। আইসিসি প্রতিনিধিদের সাথে বৈঠকে বিসিবি সাফ জানিয়ে দিয়েছে, ভারতে তাদের ক্রিকেটারদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। বিকল্প হিসেবে তারা তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের দাবি জানায়। এমনকি আয়ারল্যান্ডের সাথে গ্রুপ পরিবর্তনের প্রস্তাবও দেয় তারা। তবে আইসিসি এই সমস্ত দাবি সরাসরি নাকচ করে দিয়েছে। আইসিসির বক্তব্য, গ্রুপ ‘সি’-র সূচি অনুযায়ী বাংলাদেশকে মুম্বই ও কলকাতাতেই খেলতে হবে এবং সেখানে নিরাপত্তার কোনো অভাব হবে না।

এই বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে পাকিস্তানের এন্ট্রি। জিইও নিউজের রিপোর্ট অনুযায়ী, নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে পাকিস্তান। পিসিবি জানিয়েছে, বাংলাদেশ না খেললে তারাও বিশ্বকাপ বয়কটের কথা ভাববে। এমনকি শ্রীলঙ্কা রাজি না হলে পাকিস্তান নিজেই বাংলাদেশের ম্যাচগুলো আয়োজন করতে ইচ্ছুক বলে আইসিসি-কে জানিয়েছে। যদিও বাংলাদেশ সংবাদমাধ্যম সূত্রের খবর, ভেতরে ভেতরে বাংলাদেশি ক্রিকেটারদের ভিসার আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। এখন দেখার, বুধবারের ডেডলাইনের মধ্যে বিসিবি মাথা নত করে না কি বিশ্বকাপের মঞ্চ থেকে ছিটকে যায়।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy