ভারতে তৈরি আইফোন নিয়ে বিশ্বজুড়ে তোলপাড়! চিনের বাজার কাঁপিয়ে রেকর্ড গড়ল ভারত।

সম্প্রতি iPhone 17 সিরিজ লঞ্চের পর বিশ্বজুড়ে আলোচনায় এসেছে ভারতের উৎপাদন ক্ষমতা। অ্যাপল-এর আইফোন তৈরিতে এতদিন চীনের যে একচেটিয়া আধিপত্য ছিল, তা ভাঙতে এবার বড় ভরসার জায়গা হয়ে উঠেছে ভারত। আর এর পেছনের মূল কারিগর হলো ফক্সকন, টাটা ইলেকট্রনিক্স এবং পেগাট্রনের মতো সংস্থাগুলি।
দেশের বৃহত্তম কারখানা:
বেঙ্গালুরুর কাছে ৩০০ একর জমির উপর ফক্সকন তৈরি করেছে দেশের সর্ববৃহৎ আইফোন কারখানা। এই কারখানায় প্রায় ১ লক্ষ কর্মী কাজ করতে পারবেন বলে ধারণা করা হচ্ছে। ইতিমধ্যেই ২৫ হাজারের বেশি কর্মী এখানে কাজ শুরু করে দিয়েছেন, যাদের বেশিরভাগই মহিলা। এর মাধ্যমে কর্মীদের কর্মসংস্থান ও মহিলাদের ক্ষমতায়নের পথ প্রশস্ত হচ্ছে। এই বিশাল পরিকাঠামোই চীনের ওপর অ্যাপলের নির্ভরতা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
ভারত থেকে রেকর্ড রপ্তানি:
বিশ্বজুড়ে লঞ্চ হওয়ার সঙ্গে সঙ্গেই ক্রেতাদের হাতে পৌঁছে যাচ্ছে ‘মেড ইন ইন্ডিয়া’ আইফোন। ২০২৪-২৫ অর্থবর্ষে ভারত থেকে প্রায় ২২ বিলিয়ন ডলারের আইফোন তৈরি হয়েছে। এর মধ্যে প্রায় ৮০ শতাংশই বিশ্ববাজারে রপ্তানি করা হয়েছে।
আশা জাগাচ্ছে কর্মসংস্থান:
বিশেষজ্ঞদের মতে, ভারত সরকারের প্রোডাকশন লিঙ্কড ইনসেনটিভ (PLI) স্কিম এই সাফল্যের মূল কারণ। অ্যাপলের এসব কারখানা শুধু উৎপাদন বৃদ্ধিই নয়, দেশের কর্মসংস্থানের নতুন দিগন্তও খুলে দিয়েছে। ভারত এখন আর শুধু বাজারের জন্য নয়, বিশ্ব উৎপাদনের কেন্দ্র হিসেবেও মাথা তুলে দাঁড়াচ্ছে।