ভারতের সবচেয়ে বড় কেমিক্যাল কারখানা এবার বাংলায়! বদলে যাবে শিল্প শহরের ভাগ্য

হলদিয়ার মুকুটে যুক্ত হলো ঐতিহাসিক এক নতুন পালক! প্রায় ৬ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত দেশের বৃহত্তম সমন্বিত ফেনল ও অ্যাসিটোন কারখানার আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা হলো। বুধবার এক জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে এই মেগা প্রকল্পের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হলদিয়া পেট্রোকেমিক্যালস লিমিটেডের (HPL) সম্পূর্ণ অধীনস্থ সংস্থা অ্যাডপার্মা প্রাইভেট লিমিটেড এই সুবিশাল প্রকল্পটি গড়ে তুলেছে। উল্লেখ্য, ভারতের পুরো পূর্ব উপকূলে এটিই প্রথম ফেনল উৎপাদনকারী কারখানা।
এই ঐতিহাসিক উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন দ্য চ্যাটার্জি গ্রুপের (TCG) চেয়ারম্যান পূর্ণেন্দু চট্টোপাধ্যায়, এইচপিএলের ম্যানেজিং ডিরেক্টর তথা সিইও নবনীত নারায়ণ এবং অ্যাডপার্মা প্রাইভেট লিমিটেডের সিইও সঞ্জীব বাসুদেবা। এ ছাড়া বহু বিশিষ্ট কূটনীতিক, শীর্ষস্থানীয় শিল্পপতি এবং রাজ্য সরকারের উচ্চপদস্থ মন্ত্রী ও বিধায়কেরা এই বিশেষ মুহূর্তে উপস্থিত থেকে শিল্পক্ষেত্রের এই সাফল্যকে প্রত্যক্ষ করেন।
এইচপিএলের বর্তমান পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সের ভেতরে তৈরি এই কারখানার বার্ষিক উৎপাদন ক্ষমতা ৩ লক্ষ ৪৫ হাজার টন ফেনল এবং ২ লক্ষ ১৫ হাজার টন অ্যাসিটোন। টিসিজি গোষ্ঠীর লামাস টেকনোলজি উদ্ভাবনী প্রযুক্তিগত সহায়তা প্রদান করেছে। পাশের এইচপিএল কারখানা থেকে সরাসরি মূল কাঁচামাল প্রোপিলিন ও বেঞ্জিন সরবরাহ করা হবে। ফলে প্রাথমিক উপাদান থেকে চূড়ান্ত রাসায়নিক তৈরির পুরো প্রক্রিয়াটি এখন এক ছাদেই সম্পন্ন হবে, যা ভারতে নজিরবিহীন।
এতদিন পর্যন্ত এই রাসায়নিক দুটির ঘাটতি মেটাতে ভারতকে বিদেশের আমদানির ওপর নির্ভর করতে হতো। এবার সেই চিত্র পুরোপুরি বদলে যাবে। ফলে কেবল হাজার হাজার প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থানই তৈরি হবে না, বরং আগামী দিনে দেশে অনুসারী শিল্পের জোয়ার আসবে এবং রাসায়নিক উৎপাদনের জাতীয় মানচিত্রে পশ্চিমবঙ্গ শীর্ষ স্থান দখল করবে।